গাইবান্ধা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার পুলবন্দি এলাকা থেকে সোমবার রাতে ট্রাকভর্তি তিন শ' বস্তা ভারতীয় সার আটক করেছে পুলিশ।
এ সময় ট্রাকসহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দু'জন হলেন- ট্রাকের চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমিরকান্দি গ্রামের শামছুল আলম এবং সহকারী বগুড়া সদরের চকসূত্রাপুরের হাড্ডিপট্টি এলাকার রায়হান মিয়া।
গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন জানান, প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের তিন শ' বস্তা ভারতীয় নিম্নমানের এমওপি (পটাশ) সার ভারত থেকে চোরাপথে জেলার ফুলছড়ির বালাসি ঘাটে আসে। সেখান থেকে ট্রাকযোগে গোবিন্দগঞ্জ নেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ সারসহ ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। ু
এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24