খুলনা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ছয় 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে খুলনার আদালতে।
মঙ্গলবার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম শেখ আবু তাহেরের আদালতে দুই ছেলে হত্যার বিচার চেয়ে মামলাটি করেন খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের বেগম সখিনা ইসহাক (৭২)।
আদালত মামলাটি আমলে নিয়ে ডুমুরিয়া থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
আসামিরা হলেন- মো. ফজলু পেয়াদা (৬০), আব্দুর রশীদ ফকির (৫৮), মো. আজহার আলী গাজী (৬২), বাচ্চু খান (৬৫), ইসমাইল গাজী (৭০) ও আবুল কাশেম মোল্লা (৫৫)। তাদের সবার বাড়িই ডুমুরিয়া উপজেলায়।
মামলার এজাহারে আসামিদের 'রাজাকার' উল্লেখ কওে বলা হয়, ১৯৭১ সালের ২৯ আগস্ট তারা (আসামিরা) পাক সেনাদের সহযোগিতায় শাহপুর গ্রামের শেখ ইসহাক আলীর বাড়িতে হামলা চালিয়ে ঘরে অগ্নিসংযোগ এবং ২০ ভরি স্বর্ণালংকার লুট করে।
এরপর ইসহাক আলীর দুই ছেলে শেখ সুলতান আহমেদ (২৫) ও শেখ আব্দুর রউফকে (১৮) ধরে নিয়ে যায়। পরবর্তীতে সুলতানকে থুকড়া বাসস্ট্যান্ডে এবং আব্দুর রউফকে গল্লামারী বধ্যভূমিতে নিয়ে গুলি করে হত্যা করে।
এ মামলায় আট জনকে সাক্ষী করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী পপি ব্যানার্জি।
ডুমুরিয়া থানার ওসি মীর মনিরুজ্জামান জানান, আদালতের কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24