গাজীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলার গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় নিহত হয়েছেন আবুল হাসেম (৫৫) নামে এক পুলিশ সদস্য।
তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার টারুন্দিয়া এলাকায়। তিনি গাজীপুরের বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস ক্যাম্পে কর্মরত ছিলেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, মোটরসাইকেলে করে ঢাকার বাসায় যাওয়ার পথে সকাল ৮টার দিকে টঙ্গীর কাছাকাছি গাজীপুরা এলাকায় একটি অজ্ঞাত ট্রাক সুবেদার আবুল হাসেমকে চাপা দেয়।
গুরতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ সুবেদার হাসেমের নিহত হওয়ার খবর নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের পর হাসেমের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর পুলিশ লাইনে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি টারুন্দিয়া নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24