রাজবাড়ী, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজারে চার খুনের মামলায় মঙ্গলবার সকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজ, রওশন, লেজু, নাসিম, শামছু, শরীফ ও লতিফ।
চার খুনের ঘটনায় এর আগে আটক ট্রলার মালিক ও মাঝির দেওয়া তথ্য অনুযায়ী সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাবনার ঢালার চরের ছাইধাপা গ্রামের রুপাই মন্ডল ওরফে নবী ওরফে রবিউলের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা এবং দুর্গম ঢালার চরে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গত ২৭ আগস্ট সন্ধ্যায় উড়াকান্দা বাজারে একটি ক্লাবে ইফতার পার্টি চলাকালে একদল সন্ত্রাসী নদীপথে ট্রলার করে এসে এলোপাতাড়ি গুলি চালায়।
এতে মারা যান বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ব্যবসায়ী গোলাম মহম্মদ, ইউনিয়ন পরিষদ দফাদার সাঈদ আহম্মেদ এবং ইউপি সচিব ফেরদৌস আহম্মদ।
ওসি জানান, রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনার পরপরই ট্রলার মালিক বাবু এবং চালক মন্টু সিকদারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকারী হিসেবে সবুজের নাম জানায়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী সদর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৩ ঘ.
bdnews24