২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিথার হত্যার মামলার দুই আসামি নাটোরে গ্রেপ্তার

খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার হত্যা মামলার দুই আসামিকে মঙ্গলবার ভোরে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নাটোর, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার হত্যা মামলার দুই আসামিকে মঙ্গলবার ভোরে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফেরদৌস ওরফে হিরো (৩৮) ও রাজিব ওরফে টনি (২২)। হিরোর বাড়ি মাদারীপুর এবং টনির বাড়ি গোপালগঞ্জ জেলায়। শহরের চকবৈদ্যনাথ এলাকায় নাটোর রেলওয়ে পুলিশের হাবিলদার নূরে আলমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত ১১ জুলাই খুলনা নগরীর মুসলমানপাড়া এলাকায় নিজ বাসভবনের কাছে সন্ত্রাসীরা গুলি করে সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথারকে হত্যা করে। নাটোর থানা পুলিশ জানা যায়, খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার দেওয়া তথ্য অনুযায়ী নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হোসেনের নেতৃত্বে নাটোর থানা পুলিশ ভোরে নূরে আলমের বাসা ঘেরাও করে সেখানে তল্লাশি চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে। খুলনা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা খুলনা এলাকার শীর্ষ সন্ত্রাসী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিথার হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা খুলনা এলাকার শীর্ষ সন্ত্রাসী দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, "দীর্ঘদিন ধরে তারা নূরে আলমের বাড়িতে আত্মগোপন করে ছিলেন।" নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদেরকে মঙ্গলবার দুপুরে খুলনা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৯ ঘ.