আনছার হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কক্সবাজার, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমুদ্র সৈকতের ভূমিক্ষয় রোধ রোধ ও পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ার লক্ষ্যে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সৈকতজুড়ে নারিকেল ও খেজুর বাগান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটার সৈকতে চার সারিতে এই বাগান গড়ে তোলার প্রস্তাব দিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে প্রতিবেদন ও চাহিদাপত্র দেওয়া হয়েছে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৫৩ লাখ টাকা। বরাদ্দ পাওয়া গেলে আগামী এপ্রিল-মে মাসে এই প্রকল্প বাস্তবায়ন শুরু করা হবে।
সামাজিক বনায়নের নীতিমালা অনুসরন করে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এ জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন- এই তিনস্তরে কমিটি করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, "সরকার প্রকল্পটি বাস্তবায়নে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।"
বন ও পরিবেশ মন্ত্রণালয়ে জেলা প্রশাসনের পাঠানো প্রকল্পের প্রাক্কলন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সমুদ্র সৈকতের কিছু কিছু এলাকায় ঝাউগাছ রয়েছে। ঝাউগাছের শেকড় খুবই নরম।
ঢেউয়ের আঘাতে সহজেই উপড়ে পড়ে। কক্সবাজারের নাজিরারটেক থেকে হিমছড়ি পর্যন্ত সাত কিলোমিটার সৈকতের হাজার হাজার ঝাউগাছ গত বর্ষার জলোচ্ছ্বাসে উপড়ে গেছে।
প্রতিবেদন আরও বলা হয়, ঝাউগাছের কাঠ দিয়ে কোনো কিছু তৈরি করা যায় না। এ কারণে এর কাঠের কোনো ব্যবহারিক মূল্য (উডভেল্যু) নেই।
এসব গাছে কোন পাখি বসে না। কোন ফলও হয় না। তাই বিশেষজ্ঞদের মতামত নিয়ে জেলা প্রশাসন সৈকতে নারিকেল, খেজুর, তাল ইত্যাদি গুচ্ছমূল জাতীয় গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
চার সারিতে রোপন করলে এসব গাছ সমুদ্রের তীরে উঁচু বালিয়াড়ি সৃষ্টি করে ভূমি ক্ষয় রোধ এবং ঝড় জলোচ্ছ্বাসের সময় প্রাকৃতিক প্রতিরোধের কাজ করবে। এসব গাছ থেকে পাওয়া যাবে ফল। এর ওপর ভিত্তি করে গড়ে উঠবে কারখানা।
এছাড়া সমুদ্র সৈকতে অপরূপ দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হবে।
সামাজিক বনায়নের নীতিমালা অনুসরন করে প্রকল্প বাস্তবায়ন করা হবে বিধায় সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করা যাবে।
এই প্রকল্পের ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শুকুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে সমুদ্র সৈকতে যে ঝাউবাগান রয়েছে তা পরিবেশ বান্ধব নয়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর বলেই মনে করেন পরিবেশবিদরা।"
তিনি আরও বলেন, অনেকেই সৈকতে ঝাউবাগান পছন্দ করে না। বিশেষ করে হোটেল ও মোটেল মালিকরা ঝাউগাছ পছন্দ করছেন না। তাদের মতে, ঝাউগাছের কারণে হোটেলে বসে সমুদ্র দেখা যায় না।
শুকুর আলী জানান, সামাজিক বনায়নের আদলে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফল বিক্রিসহ বিভিন্নভাবে প্রকল্প থেকে যে লাভ হবে তার ৫০ শতাংশ পাবেন উপকারভোগীরা। বাকি ৫০ শতাংশের মধ্যে ইউনিয়ন পরিষদ ২০ শতাংশ, দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা (এনজিও) ১০ শতাংশ পাবে। ১০ শতাংশ জমা হবে সংশ্লিষ্ট কমিটির তহবিলে (ঘূর্ণায়মান তহবিল)।
তিনি বলেন, "চার সারি করে নারিকেল ও খেজুর চারা রোপণ করা হলে প্রতি কিলোমিটারে ৬০০টি চারা লাগানো যাবে। সেই হিসাবে ১০০ কিলোমিটারে ৬০ হাজার চারা রোপণ করা সম্ভব হবে।"
জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, প্রাক্কলন প্রতিবেদনটি এক সপ্তাহ আগে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রস্তাবটি নীতিগতভাবে গ্রহণ করেছে।
তিনি জানান, প্রতিটি চারা লাগানোর জন্য ২০৫ টাকা ব্যয় ধরা হয়েছে। এক কিলোমিটার এলাকায় চারা রোপণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। পুরো প্রকল্পটির জন্য দুই কোটি ৫৩ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ওই প্রকল্পে উপকারভোগীদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। এছাড়াও ৫ লাখ টাকা সেমিনার ব্যয় ধরা হয়েছে।
তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য জেলা কমিটি, উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি থাকবে।
জেলা কমিটিতে স্থানীয় সাংসদকে উপদেষ্টা, জেলা প্রশাসককে আহবায়ক, অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) সদস্য সচিব এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মনোনীত এনজিও প্রতিনিধিকে সদস্য রাখা হবে।
একই আদলে গঠন করা হবে উপজেলা ও ইউনিয়ন কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১০০৬ ঘ.
bdnews24