২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা করার দাবিতে বাজিতপুরে অর্ধদিবস হরতাল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাকে জেলা করার দাবিতে সোমবার উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের ডাকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাকে জেলা করার দাবিতে সোমবার উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের ডাকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের হয়। হরতাল চলাকালে সকাল থেকে উপজেলা সদরে সব ধরনের দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যাহত হয় ব্যাংক-বীমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম। হরতালের সমর্থনে জনতা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কসহ সকল সড়কে আগুন জ্বেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের অবরোধের মুখে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-ভৈরব রুটে ট্রেন চলাচলও ব্যাহত হয়। হরতালের সময় অন্তত তিনটি ট্রেন আটকা পড়ে। কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজিতপুর, সরারচর ও মানিকখালী রেলস্টেশনে জনতা অবস্থান নিলে আটকা পড়ে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস, ভৈরবগামী ঈশা খাঁ ও চিটাগাং মেইল। হরতাল শেষে বাজিতপুর রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক উপজেলা চেয়ারম্যান এ কে এম নুরুন্নবী অবিলম্বে বাজিতপুরকে জেলা ঘোষণার দাবি জানান। এই দাবিতে তিনি বুধবার নৌ পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওযা হবে বলেও জানান উপজেলা চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.