গাজীপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগদলীয় সাংসদ আহসান উল্যাহ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রতন ওরফে ছোট রতন (২৮) সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন।
সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর কারাগারে রতন অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার তুহিন কান্তি খান।
তিনি জানান, বুকে ব্যথা ওঠার পর রতনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে রতন মারা যান।
ময়না তদন্ত শেষে বিকেলে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তুহিন খান জানান।
জেলার মো. আবুল কালাম আজাদ জানান, টঙ্গীর উত্তর আরিচপুর নাজিম উদ্দিনের ছেলে রতনকে ২০০৬ সালের ২৫ নভেম্বর নরসিংদীর ঘোড়াশাল থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ২০০৫ সালের ১৬ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন মামলার ৩০ আসামির মধ্যে রতনসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
২০০৪ সালের ৭ মে দুপুরে টঙ্গীর নোয়াগাঁও হাইস্কুল মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক লীগের সভাপতি আহসান উল্যাহ মাষ্টার নিহত হন। হামলায় ওমর ফারুক রতন নামে আরেক তরুণও মারা যায়।
এই ঘটনায় আহসান উল্ল্যাহ'র ভাই মতিউর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.
bdnews24