ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম বেতনবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করেনি, এমন সব গণমাধ্যম প্রতিষ্ঠানের সরকারি সুযোগ-সুবিধা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে "সপ্তম ওয়েজবোর্ড বাস্তবায়ন দাবি দিবস" উপলক্ষে বিএফইউজে'র কেন্দ্রীয় সমাবেশে বক্তারা এ দাবি জানান।
একই দাবিতে এ দিন চট্ট্রগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, "ওয়েজবোর্ড রোয়েদাদ সরকার প্রণীত একটি আইন এবং এ আইন যারা বাস্তবায়ন করবেন না (সব পত্রিকা, সংবাদ সংস্থা ও ইলেক্ট্রনিক মিডিয়া) সেসব প্রতিষ্ঠানে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দিতে হবে।"
সমাবেশ শেষে সাংবাদিক নেতারা তাদের দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তথ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএফইউজে'র সহ-সভাপতি কার্তিক চ্যাটার্জী, ফরাজী আজমল হোসেন, সাইফুল ইসলাম তালুকদার ও শামীম সিদ্দিকী বক্তব্য রাখেন।
স
bdnews24