ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি ক্রয় নীতিমালায় (পিপিআর) আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার এ সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "সরকারি ক্রয় আইনের বিধি-বিধানে আরও কিছু সংশোধনী আনা হবে। সরকারের উন্নয়নমূলক কাজে গতি সঞ্চার ও স্বচ্ছতা আনতে এ সংশোধনী আনা হচ্ছে।"
গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ক্রয় আইনের কিছু সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। এর ফলে ঠিকাদাররা অভিজ্ঞতা ছাড়াই দুই কোটি টাকা পর্যন্ত কাজ করতে পারবেন। তবে প্রাক্কলিত ব্যয়ের পাঁচ শতাংশের অতিরিক্ত কম দরে কেউ দর প্রস্তাব করলে তা বাতিল হবে। দুই কোটি টাকা পর্যন্ত কাজের জন্য আবার লটারি চালুর কথাও বলা হয় সংশোধনীতে।
প্রধান বিরোধী দল বিএনপি গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলন করে এ সংশোধনীর কড়া আপত্তি জানায়।
বিএনপি নেতা ওসমান ফারুক ওই সংশোধনীকে 'অযৌক্তিক ও দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা' বলেও অভিহিত করে বলেন, "প্রস্তাবিত সংশোধনীসমূহে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি অর্থের অপচয়, গুণগত মান অনিশ্চিতকরণ, স্বচ্ছতা ও সুশাসন জলাঞ্জলি এবং দরিদ্র জনসাধারণের বঞ্চনা ছাড়া আর কিছুই সাধিত হবে না। এতে নির্ভেজাল দলীয়করণের দ্বার উন্মুক্ত হবে।"
তবে নীতিমালার কোন কোন ধারায় সংশোধনী আনা হবে সে ব্যাপারে রোববার কিছু বলেননি অর্থমন্ত্রী।
পিপিআর সংশোধন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের সঙ্গে কোনও মতবিরোধ হয়েছে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "সরকারি ক্রয় নীতিমালায় যে সব সংশোধনী আনা হচ্ছে, তা দাতাদের পরামর্শ করেই করা হচ্ছে। এ নিয়ে দাতাদের সঙ্গে আমাদের (সরকার) কোন ধরনের মতবিরোধ নেই।"
পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি হয়। সোমবার এ বিষয়টি নিয়ে আরেক দফা বৈঠক হবে।
অর্থমন্ত্রী বলেন, "৫ অক্টোবরের মন্ত্রিসভার বৈঠকে সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) সংশোধন প্রস্তাব অনুমোদন হয়। সেই সব পরিবর্তন আইনে অন্তর্ভুুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সুপারিশসমূহ চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে। এরপর আইন পাসের জন্য বিল আকারে তা সংসদে উপস্থাপন করা হবে।
পিপিআর সংশোধন নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আপত্তি জানিয়ে বলে পত্র-পত্রিকায় লেখালেখি হয়। তবে এ দুই সংস্থা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো আপত্তি জানায়নি।
বৃহস্পতিবার দেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকরা এ বিষয়ে বিশ্বব্যাংকের অবস্থান জানতে চাইলে সংস্থাটির সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন কোনও মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২৩২১ ঘ.
bdnews24