ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর সুরক্ষিত 'নগর ভবন' থেকে রোববার রাতে এক সরকারি কর্মচারির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নূর মোহাম্মদ (৪৫) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি। তার বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে রাত নয়টার দিকে নগর ভবনের ছয় তলায় ক্যান্টিনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে নীল জিন্স এবং ক্রীম রংয়ের শার্ট ছিলো।
রেজাউল করিম বলেন, নূর মোহাম্মদের কাছে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি কী কারণে এখানে এসেছিলেন তা বোঝা যাচ্ছে না।
গলা কেটে মোহাম্মদকে হত্যা করা হয়েছে বলে জানান ওসি।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা রাত ১০ টার দিকে ঘটনাস্থলে যান। ঘটনাস্থল ঘুরে দেখার পর মেয়র সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, "নগর ভবন এলাকা অত্যন্ত সুরক্ষিত। এখানে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। কিন্তু তারপরও কিভাবে এ ঘটনা ঘটলো তা পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে অনুসন্ধান করে দেখতে হবে।"
ঘটনার সময় নগর ভবনে দায়িত্বরত ডিসিসির নিজস্ব নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে কোন গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।
ঘটনার পর নগর ভবনের ছয়তলার ক্যান্টিনের কর্মচারি মো. মোখলেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে ওপর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে আমরা একটি লাশ পড়ে থাকতে দেখি।"
তবে ক্যান্টিন কর্মচারিদের বক্তব্য সত্যি নয় বলে ধারণা করছে পুলিশ। ওসি রেজাউল করিম বলেন, "নিহতের শরীরে ওপর থেকে পড়ার কোন চিহ্ন নেই। তাকে নিচেই জবাই করা হয়েছে।"
ক্যান্টিনের কর্মচারিরা হয়তো ভয়ে মুখ খুলছে না বলে ওসির ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/এএনএস/এসএইচ/০০৩৫ ঘ.
bdnews24