বাগেরহাট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষক রোববার স্থানীয় আওয়ামী লীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে কলেজের সব ক্লাশ বন্ধ থাকে। ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আসলাম হোসেন এবং বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মিজানুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ক্লাশ শুরু হয়।
লাঞ্ছিত শিক্ষকরা হলেন- অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনতোষ রায় এবং ভূগোল বিভাগের ডেমোন্স্ট্রেটর মুজিবর হালদার।
অমিত রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও মহিলা সাংসদ নূর আফরোজ আলী তাকেসহ উপাধ্যক্ষ মজুমদার দ্বিজেন্দ্রনাথ ও প্রভাষক মনতোষ রায়কে বিধি বহির্ভূতভাবে বাধ্যতামূলক ছুটি দেন এবং জুলাই মাস থেকে তাদের বেতন বন্ধ করে রাখেন।
তারা উচ্চ আদালতে রিট করলে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. সামছুল হুদার বেঞ্চ ১২ অক্টোবর তাদের বাধ্যতামূলক ছুটি ও বেতন বন্ধের আদেশ স্থগিত করে এবং বিবাদীপক্ষকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে রুলনিশি জারি করে।
অধ্যক্ষ বলেন, আদালতের আদেশ পেয়ে তারা কলেজে গেলে নূর আফরোজ আলীর স্বামী স্থানীয় আওয়ামী লীগের এক সময়ের নেতা শেখ আলী আহমেদ এবং কয়েকজন লোক লাঠিসোটা নিয়ে কলেজে ঢুকে তাদের মারতে উদ্যত হন। গালাগাল দিয়ে তাদের তিনজনকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তারা।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা এসে তাদের রক্ষা করেন। প্রায় একঘণ্টা পর ঘটনাস্থলে আসেন ফকিরহাট ইউএনও আসলাম হোসেন এবং এএসপি মিজানুর রহমান।
ফকিরহাট থানার ওসি সালাউদ্দিন মিঞা বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
এই ঘটনায় অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও তিনি জানান।
কলেজের পরিচালনা পর্ষদ সদস্য কাজী ইসমাঈল সিদ্দিকী খোকন জানান, শেখ আলী আহমেদ বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছেন।
এদিকে শেখ আলী আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুমতি না নিয়ে অধ্যক্ষ বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করেছেন। এ জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
এ ব্যপারে নূর আফরোজ আলী বলেন, হাইকোর্টের আদেশের কপি এখনও হাতে এসে পৌঁছেনি। অধ্যক্ষ অবৈধভাবে সন্ত্রাসী নিয়ে কলেজে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক অচিন্ত্য সরদারকে লাঞ্ছিত করেন বলে তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24