রাজশাহী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে তিন দিনের তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা নর্থবেঙ্গল আইটি ফেয়ার শনিবার রাতে শেষ হয়েছে।
র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাত সাড়ে ৯টার দিকে মেলা শেষ হয়।
রাজশাহীর পর্যটন মোটেলে বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন সাংসদ ফজলে হোসেন বাদশা।
মেকার কমিউনিকেশন ও ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ আয়োজনে মেলার নিউজ পার্টনার ছিল অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ওয়েব পার্টনার ছিল বিডিজবস ডটকম। সার্বিক সহযোগিতায় ছিল ইউটোপিয়া।
মেলার সমন্বয়কারী মুহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলায় শতাধিক ল্যাপটপ ছাড়াও ডেক্সটপ এবং অন্যান্য প্রযুক্তিপণ্য বিক্রয় হয়েছে।
সহযোগিতা পেলে ভবিষ্যতে তারা এ ধরনের মেলার আরও আয়োজন করবেন বলে জানান তিনি।
মেলায় বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচপি ও ইনটেলের পৃষ্ঠপোষকতায় সাতটি প্যাভিলিয়নে কম্পিউটার সোর্স, অরিয়েন্ট কম্পিউটার, কম্পিউটার ফেয়ার, সেল কম্পিউটার, ফ্লোরা, কমিউটার ভেলি, গ্লোবাল ব্রান্ড, স্মার্ট, পিকজেল কম্পিউটার তাদের নতুন নতুন পণ্য প্রদর্শন ও বিক্রয় করে।
সমাপনী অনুষ্ঠানে ইনটেল করপোরেশন ও পিকজেলস কম্পিউটারের কুইজ প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করা হয়।
মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পায়। সাধারণ দর্শনার্থীদের টিকিটের দাম ছিল ১০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.
bdnews24