২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বুধবার থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

অবৈধভাবে চলাচলকারী স্থানীয় ইঞ্জিনচালিত যান নছিমন বন্ধসহ সাত দফা দাবিতে আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রুটে লাগাতার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে চলাচলকারী স্থানীয় ইঞ্জিনচালিত যান নছিমন বন্ধসহ সাত দফা দাবিতে আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রুটে লাগাতার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্য পরিষদের নেতারা আগামী মঙ্গলবারের (২৭ অক্টোবর) মধ্যে তাদের সাত দফা দাবি মেনে না নিতে প্রশাসনকে সময় বেঁধে দেন। অন্যথায় পরদিন থেকে জেলার সকল রুটে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, মিশুক, টেম্পু ও রিক্সা-ভ্যান চলাচল বন্ধ থাকবে। ঐক্য পরিষদের সাত দফা দাবি হল- নছিমন, করিমন, ভুটভুটিসহ সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ; নতুন রিকশার নিবন্ধন না দেওয়া; যেখানে সেখানে দ্বিতল বাস চলাচল বন্ধসহ বিআরটিসি'র লিজ প্রথা বন্ধ; রিকশা-ভ্যান, মিশুক, মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপন; সকল প্রকার ট্রাকে অতিরিক্ত মাল পরিবহন বন্ধ; শ্রমিক সংগঠনের নামে গড়ে ওঠা জেলার সকল প্রকার অবৈধ শাখা অফিস উচ্ছেদ ও এগুলোর কার্যক্রম বন্ধ এবং সকল প্রকার পরিবহনের ওপর থেকে দালালী প্রথা উচ্ছেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি। এতে বলা হয়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় সরকারিভাবে চলাচল নিষিদ্ধ ইঞ্জিনচালিত নছিমন-করিমন-ভুটভুটি ও ট্রলি ব্যাপকভাবে পরিবহন কাজে ব্যবহৃত হচ্ছে। জেলা শহরে মাইক্রোবাস, মিশুক, টেম্পু ও রিক্সা-ভ্যান চালকদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা হচ্ছে। নিষিদ্ধ হওয়া সত্বেও ট্রাকে অতিরিক্ত পণ্য পরিবহন করা হচ্ছে। এর ফলে রাস্তা, সেতু, কালভার্টের ক্ষতি হচ্ছে এবং সড়ক দুর্ঘটনা বাড়ছে। ২৮ অক্টোবরের পর থেকে উত্তরবঙ্গের ১৬টি জেলায়ও পর্যায়ক্রমে পরিবহন ধর্মঘট আহবান করা হবে বলে ঐক্য পরিষদের নেতারা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতি সভাপতি আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪০ ঘ.