২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ইউএনও অবরুদ্ধ: উপজেলা চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবরুদ্ধ ও তার কার্যালয় ভাঙচুরের ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

পঞ্চগড়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবরুদ্ধ ও তার কার্যালয় ভাঙচুরের ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও দেড় শ' জনকে আসামি করা হয়েছে। ইউএনও রাশেদুল হাসান শুক্রবার রাতে আটোয়ারী থানায় এ মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে আছেন- উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম ও আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক মো. ওয়াজেদ আলী, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জাহিদ, ছাত্রলীগের আহবায়ক মখলেসুর রহমান। আটোয়ারী থানার ওসি মজনুর রহমান মামলা দায়েরের খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, মামলায় ইউএনওকে হত্যার চেষ্টা, সরকারি কাজে বাধাদান, কম্পিউটার, ফ্যাক্স ও ফোন সেটসহ প্রায় ৫০ হাজার টাকার সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। ইউএনও ছাড়া উপজেলা প্রকৌশলী এবং উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকেও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়। বৃহম্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে এসে প্রথমে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ দুই ভাইস চেয়ারম্যানের কক্ষে তালা লাগান। এরপর চেয়ারম্যানের গাড়ি রাখার গ্যারেজেও তিনি তালা লাগিয়ে দেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার্যালয়ে এসে কক্ষে তালা দেখে ক্ষুব্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১১টায় তাদের কর্মী-সমর্থকরা উপজেলা পরিষদে ছুটে যায়। তারা ইউএনওর কক্ষে হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। হামলার সময় ইউনএনও তার কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করছিলেন। পুলিশের বাধা পেয়ে কর্মী-সমর্থকরা ইউএনওর কক্ষের সামনে অবস্থান নেয়। তারা ইউএনওর কক্ষ লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে দরজা ও জানালার কাচ এবং কয়েকটি ফুলের টব ভেঙে যায়। প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় সাংসদ মজাহারুল হক প্রধান এসে পরিস্থিতি শান্ত করেন। মামলা ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব অভিযোগ মিথ্যা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩২৪ ঘ.