২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মডেল পিএসসিতে গ্যাস রপ্তানি বন্ধের বিষয় অন্তর্ভুক্ত করুন'

উৎপাদন-বণ্টনের চুক্তি 'মডেল পিএসসি-২০০৮' তে গ্যাস রপ্তানি বন্ধের বিষয়টি অর্ন্তভূক্ত করার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উৎপাদন-বণ্টনের চুক্তি 'মডেল পিএসসি-২০০৮' তে গ্যাস রপ্তানি বন্ধের বিষয়টি অর্ন্তভূক্ত করার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কনভেনশনে তিনি বলেন, "সরকার গ্যাস রপ্তানি করা হবে না বললেও এ চুক্তি অনুযায়ী গ্যাস রপ্তানি করতে হবে। আমি বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে আলোচনার প্রস্তাব দেবো।" তিনি আরও বলেন, "ইতিমধ্যে চলমান আন্দোলনে বাধা দেওয়া শুরু হয়েছে। এরপরও জাতীয় স্বার্থে তা অব্যাহত রাখতে হবে।" বিচারপতি গোলাম রব্বানীও গ্যাস রপ্তানি বন্ধে বর্তমান সংসদে আইন পাসের দাবি জানান। কনভেনশনে জাতীয় সম্পদের মালিকানা অর্জনকে 'স্বাধীনতার অধিকার' উল্লেখ করে তা রক্ষায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ। সকাল সাড়ে ১১টায় এ শুরু হওয়া এ কনভেনশনে অধ্যাপক খান সারওয়ার মুরশিদ বলেন, "দেশের সম্পদ সংক্রান্ত সকল তথ্য দেশবাসীকে জানার সুযোগ দিতে হবে। নিজেদের তত্ত্বাবধানে ও উদ্যোগে গ্যাস তোলার প্রক্রিয়া শুরু করতে হবে।" 'স্বাধীনতা হলো সম্পদের ওপর অধিকার' মন্তব্য করে বাঁচা মরার এ লড়াইয়ে জয়ী হয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মুক্তিযুদ্ধের অসম্পূর্ণতাকে পূর্ণ করার আহবান জানান। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল কাজী নুরুজ্জামান বলেন, "মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। মাঠে নেমে সভা-সমাবেশের মাধ্যমে এর বাস্তবায়ন করতে হবে।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান তেল-গ্যাস পাচার ও লুণ্ঠন বন্ধের আন্দোলনকে জাতীয় সংগ্রাম হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে গণবিপ্লব গড়ে তোলার আহবান জানান। বাসদের আহবায়ক খালেকুজ্জামান বলেন, "তথাকথিত মুক্তবাদ চালু রেখে লুটেরারা লুটপাট অব্যাহত রেখেছে।" "সরকার গ্যাস রপ্তানি চুক্তি নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি এ ধরনের সকল চুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরুর মাধ্যমে সরকার পতনের সংগ্রাম ও বিপ্লবী সরকার প্রতিষ্ঠার আহবান জানান। পুর্নগঠিত ওয়াকার্স পাটির আহবায়ক হায়দার আকবর খান রনো বলেন, "ফুলবাড়ি থেকে বিতাড়িত এশিয়া এনার্র্জি আবার ষড়যন্ত্র চালাচ্ছে। সরকারের মুখোশ উন্মোচিত করে সম্পদের অধিকার রক্ষায় দালাল পুঁজিবাদের বিরুদ্ধে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরুর সময় হয়েছে।" তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ চলমান আন্দোলনের পটভূমি তুলে ধরে উৎপাদন বন্টন চুক্তি মডেল পিএসপি ২০০৮ বাতিল, শতভাগ দেশীয় মালিকানা নিশ্চিত করে সমুদ্রবক্ষে গ্যাস উত্তোলন, গ্যাস রপ্তানি চুক্তি বাতিল, গ্যাস উত্তোলনের নতুন নীতিমালা প্রণয়ন, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা তৈরি এবং ফুলবাড়ির ছয়দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, "এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। গ্যাস পাচারের মাধ্যমে বাংলাদেশকে নাইজেরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানের মতো দেশে পরিণত হতে না দেওয়া হবে না।" সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক এম এম আকাশ, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাইফুল হক, ন্যাপের এনামুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশারেফা মিশু প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পদ লুণ্ঠন ও পাচারের মাধ্যমে দেশের সর্বনাশ না করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, "বিভিন্ন লুণ্ঠন চুক্তির কারণে বাংলাদেশ বর্তমানে চরম সঙ্কটের মুখোমুখি। বিদেশী শক্তির সহায়তায় বিশাল জনসমর্থন নিয়ে এসে এ সরকার বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র করছে।" বিকেল চারটায় শুরু দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন জেলা থেকে আগত কমিটির প্রতিনিধিরা তাদের বক্তব্য দেন। জেলা প্রতিনিধিরা সম্পদ রক্ষায় প্রত্যন্ত এলাকার জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করতে আরও কর্মসূচি নেওয়া এবং কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/১৯৪৪ ঘ.