বরিশাল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ পরিবহনকে কেন্দ্র করে শনিবার দুপুরে শ্রমিক লীগের দু'গ্র"পের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আছেন- শ্রমিক লীগের বরিশাল মহানগর কমিটির সদস্য এবং জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দোলোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল হোসেন কালু, পোর্ট রোড মৎস্য শ্রমিক লীগের সভাপতি খান মো. হাবিবুর রহমান, শ্রমিক লীগ কর্মী রফিকুল ইসলাম, মোতালেব হোসেন।
এদের শেরে বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ইয়াসমিন খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৎস্য শ্রমিক এবং ট্রাক শ্রমিকদের সঙ্গে মাছ পরিবহন নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দু'গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও সংঘর্ষ হয়। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
তিনি বলেন, "বিরোধ মীমাংশায় আমরা দুই গ্র"পকে নিয়ে বৈঠক করবো।"
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার দুপুর ১২ টার দিকে খান মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পোর্ট রোড মৎস্য শ্রমিক ইউনিয়নের শতাধিক সদস্য দেলোয়ারের হোসেনের বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি পোর্ট রোড থেকে গ্রীজামহল্লা এবং সদর রোড হয়ে কোতয়ালি মডেল থানা অতিক্রম করার পর পেছন থেকে দোলোয়ারের অনুসারী ট্রাক শ্রমিকরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় মিছিলকারী মৎস্য শ্রমিকরা থানায় আশ্রয় নেয়। মিছিলের অপর একটি অংশের সঙ্গে ট্রাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পোর্ট রোড মৎস্য শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান বিডিনিউজকে বলেন, "কালু এবং দোলোয়ার আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এর প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের সময় তারা পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলায় চালায়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামাল হোসেন কালু বিডিনিউজকে বলেন, "রিকশায় করে যাওয়ার সময় মিছিল থেকে মৎস্য শ্রমিকরা আমাদের ওপর হামলা চালায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৭ ঘ.
bdnews24