চাঁদপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত খুনি রসু খাঁ'র দুই সন্দেহাভাজন সহযোগিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে চাঁদপুরের ম্যাজিস্ট্রেট আদালতে রসুর সহযোগি মানিক ও বছির উল্লাহ রাঢ়ী ওরফে রসুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায়।
এ ছাড়া মানিকের স্ত্রী সুফিয়া বেগমকে ১৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার সোবহানপুরে ২০০৭ সালের ১ সেপ্টেম্বর অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ পাওয়া যায়। ওই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মানিক ও বছিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক চার দিনের অনুমতি দেন।
গত ২১ অক্টোবর রাতে পুলিশ রসু খাঁকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালায়। তখন রসু'র সহযোগী সন্দেহে টঙ্গীর মিরাশপাড়া থেকে মানিক, তার স্ত্রী ও বছিরকে আটক করে পুলিশ।
তাদের সবার বাড়ি চাঁদপুরে। তারা টঙ্গীতে ব্যবসা ও চাকরি করতেন।
রসু খাঁ বর্তমানে ছয় দিনের রিমান্ডে চাঁদপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাকে শনিবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে রসু'র হাতে খুন হওয়া মাশরুফা মেহেদী খাতুনের দুই চাচা সফিকুল ইসলাম ও সানোয়ার হোসেন ছবি দেখে ভাতিজির লাশ সনাক্ত করতে দুপুরে ঢাকা থেকে চাঁদপুর মডেল থানায় আসেন। তারা মেহেদীর লাশের ছবির সঙ্গে পারিবারিক একটি ছবি দেখে তার পরিচয় নিশ্চিত করেন।
মেহেদী সিরাজগঞ্জের কাজিপুর থানার জোরবাড়িচর এলাকায় মাহবুবুর রহমানের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিলো সবার বড়।
গাজীপুরে পিনাকি গ্র"পের ওয়েস এ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতো মেহেদী। এ বছরের ১৪ ফেব্র"য়ারি কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর মেহেদী আর ফেরেনি।
মেহেদী হত্যার তদন্ত কর্মকর্তা চাঁদপুরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার পশ্চিম সাপদী শশ্মানঘাট গ্রামের শংকর দত্তের পুকুর পার থেকে এ বছরের ২৬ ফেব্র"য়ারি পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ১৫ মার্চ মামলা হয়। লাশ উদ্ধারের পর ঠিকানা না পাওয়ায় চাঁদপুর পৌর কবরস্থানে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় মেহেদীকে দাফন করা হয়।
গত ৭ অক্টোবর টঙ্গির নিরাশপুর থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ রসুকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত চার দফায় তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ড শেষে ৮ অক্টোবর রসু প্রথমবারের মতো কমপক্ষে ১১ নারীকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে সারা দেশে আলোড়ন তৈরি হয়।
রসু গত ১৪ অক্টোবর ফরিদগঞ্জ থানা ও গত ২২ অক্টোবর চাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে থাকার সময় বাথরুমে গিয়ে দু'বার আত্মহত্যার চেষ্টা করের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০৫৮ ঘ.
bdnews24