ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)--স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৌশলী ফজলে আলী মোহাম্মদ মোরশেদকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার রাকিব হোসেন গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার মোরশেদকে গুলি করার ঘটনার সময় রাকিবকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে সে আহত হন।
পুলিশ হেফাজতে তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হলে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে তেজকুনি পাড়ার বাসা থেকে প্রকৌশলী মোরশেদ কর্মস্থলে যাওয়ার সময় তেজগাঁও থানার কাছে দুই সন্ত্রাসী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মোরশেদ আহত হয়।
আশপাশের লোকজন ও টহল পুলিশ সন্ত্রাসীদের ধাওয়া করলে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে আহত হয়ে রাকিব অস্ত্রসহ ধরা পড়লেও অন্যজন পালিয়ে যায়।
আবদুল জলিল জানান, জয় নামে একজন ১০ হাজার টাকার লোভ দেখিয়ে রাকিবকে দিয়ে এই কাজ করিয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে।
রাকিব মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৯ নম্বর সড়কের ৬ নম্বরে ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম আবদুস সাত্তার। গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাকিবের খালা মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, "মৃত্যুর আগে হাসপাতালে রাকিব তাকে বলেছে, জয়ের দেওয়া টাকার লোভ সামলাতে না পেরে সে হঠাৎ অপরাধে জড়িয়ে পড়ে। গুলি করার পর টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/২৩১৫ ঘ.
bdnews24