সিলেট, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের একটি বেসরকারি ব্যাংকের দুটো শাখা থেকে কয়েক কোটি টাকা ঋণ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তা এবং সাত ঋণগ্রহীতার বিরুদ্ধে আটটি মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেটের সহকারী পরিচালক মো. সামসুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সিলেটের কোতোয়ালি থানায় পৃথকভাবে এই আটটি মামলা করেন।
আসামিদের সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস রহমান জানান, রাতেই মামলাগুলো রেকর্ড করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সিলেটের জল্লারপাড় ও জিন্দাবাজার শাখার থেকে ২০০২ সালে সাত ব্যক্তি ভূয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় সাড়ে সাত কোটি টাকা ঋণ উত্তোলন করেন।
ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সে সময় দুটো শাখার দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হোসেন এবং দুই শাখার দুই কর্মকর্তা গোলাম মোস্তফা ও আবুল কাশেম খানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে আর্থিক এই দুর্নীতির তদন্তে নামে দুদক। দীর্ঘ তদন্ত শেষে দুদক বিধি বহির্ভূতভাবে ঋণ উত্তোলনে সহযোগিতা করার অভিযোগে সৈয়দ মাহমুদ হোসেন, গোলাম মোস্তফা ও আবুল কাশেম খানকে আসামি করে একটি মামলা করে।
অপরদিকে ঋণ উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগে সাতজনের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করে দুদক।
এরা হলেন- সিলেট নগরের কাজিটুলার বাসিন্দা সৈয়দ মোতাহের ওরফে রেজা আহমদ ও সোহেল আহমদ, শিবগঞ্জ সেনপাড়ার কায়সার আহমদ, ফাজিলচিস্তের এম এ মোহাইমেন খান, সুবিদবাজারের আশিকুর রাজ্জাক চৌধুরী, সিলেট সদর উপজেলার খোজারখলা এলাকার শাহ আলম, সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের এ কে আজাদ বাবুল।
দুদক সিলেট কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঋণগ্রহীতা সাতজনের উত্তোলন করা ঋণ সুদে-আসলে যা দাঁড়িয়েছে সে পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এনে এই সাতটি মামলা করা হয়েছে।
এই হিসাবে সৈয়দ মোতাহের ওরফে রেজা আহমদ ও মোহাইমেন খানের বিরুদ্ধে ২২ লাখ ৯০ হাজার ৭৩ টাকা, মুহাইমেন খানের এক কোটি ৪৬ লাখ ৯৪৪ টাকা, আশিকুর রাজ্জাক চৌধুরীর এক কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯২৫ টাকা, এ কে আজাদ বাবুলের ২৬ লাখ ৩২ হাজার ৫৬৪ টাকা, কায়সার আহমদের দুই কোটি ৯৫ লাখ ২৩ হাজার ৩১০ টাকা, শাহ আলমের ২১ লাখ পাঁচ হাজার ৪৯০ টাকা ও সোহেল আহমদের বিরুদ্ধে ৪৮ লাখ ১৬ হাজার ৮৩৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক আনিস রহমান জানান, মামলাগুলো দুদক কর্মকর্তারা তদন্ত করবেন। পুলিশ তাদেরকে কেবল সহযোগিতা করবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিদর্শক শাহজালাল আহমদ জানান, আত্মসাৎ করা টাকা ফেরত পেতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৩ ঘ.
bdnews24