নোয়াখালী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনের হুমকিকে দেশের এক নম্বর জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে আখ্যায়িত করেছেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্র"পের সভাপতি সাবের হোসেন চৌধুরী।
জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এই হুমকি মোকাবেলার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে নোয়াখালী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে তিন দিনব্যাপী বাংলাদেশ ক্লাইমেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন এই আহ্বান জানান।
এই ক্যাম্প আয়োজন করেছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), ইয়ুথ ইন অ্যাকশন অন ক্লাইমেট (ইয়াক) ও অক্সফ্যাম ইন্টারন্যাশনাল।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ক্যাম্পে ৫১টি জেলা থেকে শতাধিক প্রতিনিধি ছাড়াও সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাবের হোসেন গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানো ও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত বিশ্বের আচরণের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, "উন্নত বিশ্ব এখনও গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে কোনো আইনগত বাধ্যবাধকতায় যেতে চাচ্ছে না। এমনকি তারা এখনও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়নের কোনো অঙ্গীকার করেনি।"
সাবের হোসেন বলেন, "জলবায়ু পরিবর্তন এখন আমাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও কৃষির ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।"
ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণদের উদ্দেশে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনা বাড়ানো এবং জনগণকে সংগঠিত করা অত্যন্ত জরুরি। আর আপনারা তরুণরাই পারেন জনগণকে সচেতন করে তাদের কণ্ঠ জাগ্রত করতে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্জয় কুমার অধিকারী, অক্সফ্যাম জিবি'র হেড অব অ্যাডভোকেসি প্রতিনিধি কার্স্টি হিউস, অক্সফ্যাম দক্ষিণ এশিয়ার ক্যাম্পেইন অ্যাণ্ড এ্যাডভোকেসি ম্যানেজার মিশেল অ্যাংলেড, নোয়াখালীর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24