নারায়ণগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রতারণার ফাঁদে ফেলে ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ পুলিশের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও এক ব্যক্তিকে।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের পক্ষে থেকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয়নি। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ঢাকার তিন ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তাররা হলো- নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্ুবেদার জাহাঙ্গীর, হাবিলদার মাহবুবুল আলম ভুঁইয়া, কনস্টেবল গিয়াসউদ্দিন ও আফাজউদ্দিন। গ্রেপ্তারদের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনায় জড়িত আক্তারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিশ্বাস আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি জানার পরপরই একজন সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার দিনভর অনুসন্ধান চালানো হয়। সনাক্ত হওয়ার পর চাষাড়া পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।"
পুুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রতারণার শিকার ব্যবসায়ী ফারুক হোসেন নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের তিন সদস্য ও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
পরে পুলিশ অনুসন্ধানে করে জানতে পারে, বুধবার রাত ৯টায় কম দামে মোটর পার্টস দেওয়ার কথা বলে ঢাকার পলাশী এলাকার ব্যবসায়ী ফারুক হোসেন, মো. ফারুক মিয়া ও পলাশকে নারায়ণগঞ্জে নিয়ে আসে প্রতারক আফাজউদ্দিন ও তার সহযোগী আক্তার।
মাইক্রোবাসে করে তারা শহরের মণ্ডলপাড়া এলাকায় আসে। প্রতারক আফাজউদ্দিন ও আক্তার তাদের মালামাল দেওয়ার কথা বলে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় চাষাড়া পুলিশ ফাঁড়ির তিন সদস্য উপস্থিত হয়।
এরপর তাদের সকলকে পুলিশের মাইক্রোবাসে তোলে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় ঢাকার তিন ব্যবসায়ীকে।
বৃহস্পতিবার ঘটনাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানান প্রতারণার শিকার তিন ব্যবসায়ী।
এরপর জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শাহেদ আকবর ও সদর থানার ওসি আকতার হোসেন অনুসন্ধান শুরু করেন। সিদ্ধিরগঞ্জ থানার দারোগাসহ বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের সনাক্তকরণ (টিআই) প্যারেডে আনা হয়। তবে জড়িতদের সনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানার সামনে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রিকশায় করে যাওয়ার সময় ব্যবসায়ীরা তাকে প্রতারক হিসেবে সনাক্ত করেন। তাকে আটকের পর জানা যায় তার নাম আফাজউদ্দিন। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপে। থাকেন ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায়। স্ত্রীকে নিয়ে তিনি শীতলক্ষ্মা নদীর পূর্ব পারে বন্দর বেড়াতে যাচ্ছিলেন।
আফাজউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী, রাত ১২টায় গ্রেপ্তার করা হয় সদর থানার চাষাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার জাহাঙ্গীর, হাবিলদার মাহবুবুল আলম ভুঁইয়া ও কনস্টেবল গিয়াসউদ্দিনকে।
গিয়াসউদ্দিনের কাছ থেকে ছিনতাইয়ের ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আফাজউদ্দিনের বাসা থেকে উদ্ধার করা হয় ২০ হাজার টাকা।
আক্তারকে গ্রেপ্তারের জন্য রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোরে কঠোর গোপীয়তা রক্ষা করে গ্রেপ্তার হওয়া তিন পুলিশ সদস্যসহ চারজনকে আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় তাদের হাজির করা হয় জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম বজলুর রহমানের আদালতে।
বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারদের ছবি তুলতে ফটো সাংবাদিকদের বাধা দেওয়া হয়। স্থানীয় ফটো সাংবাদিকরা জানান, রাত দেড়টা পর্যন্ত থানায় অবস্থান করলেও ছবি তুলতে দেয়নি পুলিশ।
একই কারণে শুক্রবার ভোরে কঠোর গোপনীয়তায় তাদের আদালতে নেওয়া হয় বলে স্থানীয় সাংবাদিকদের ধারণা।
অভিযোগ উঠেছে, প্রতারণার ঘটনার সঙ্গে নারায়ণগঞ্জ সদর থানার কোনো কর্মকর্তা জড়িত। কারণ, চাষাড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের মণ্ডলপাড়া যাওয়ার এবং মাইক্রোবাস ব্যবহার করার কথা নয়।
তবে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "এর কোন ভিত্তি নেই। যারা ঘটনা ঘটিয়েছে প্রতারিত ব্যবসায়ীরাই তাদের চিহ্নিত করেছে।"
এসপি আফজাল হোসেন বলেন, "ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই অপরাধ করে কারো বেঁচে যাওয়ার সুযোগ নেই।"
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে আবুল খায়ের গ্র"পের গুদাম থেকে ভেজাল গম আটকের ঘটনায় ঘুষ নেওয়ার সময় আটক করা হয়েছিল ফতুল্লা থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসএইচ/২০২৫ ঘ.
bdnews24