রাজশাহী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে বৃহস্পতিবার থেকে প্রথম 'নর্থবেঙ্গল আইটি ফেয়ার' শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পর্যটন মোটেলে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন সাংসদ ফজলে হোসেন বাদশা।
মেকার কমিউনিকেশন এবং ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলায় বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পার্টনার এবং বিডিজবস ডটকম ওয়েব পার্টনার হিসেবে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন বাদশা শিক্ষা নগরী হিসেবে রাজশাহীকে আইটি ভিলেজ ঘোষণার দাবি জানান।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে মুহাম্মদ খান জানান, মেলায় এইচপি ও ইনটেলের পৃষ্ঠপোষকতায় ৭ টি প্যাভিলিয়নে কম্পিউটার সোর্স, অরিয়েন্ট কম্পিউটার, কম্পিউটার ফেয়ার, সেল কম্পিউটার, ফ্লোরা, কমপিউটার ভ্যালি, গ্লোবাল ব্র্যান্ড, স্মার্ট ও পিকসেল কম্পিউটারের স্টল রয়েছে।
ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন ব্র্যান্ডের সবধরণের তথ্যপ্রযুক্তি পণ্য মেলায় পাওয়া যাচ্ছে।
স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র বা স্কুল ইউনিফর্ম দেখিয়ে মেলায় বিনামূল্যে ঢোকার সুযোগ পাবে। সাধারণ দর্শনার্থীদের ১০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে।
২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/০১২১ঘ.
bdnews24