চাঁদপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত খুনি রসু খাঁ আবারও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চাঁদপুর মডেল থানার একটি বাথরুমে রসু আত্মহত্যার চেষ্টা করেন।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আটটার দিকে রসু খাঁ বাথরুমে যাওয়ার কথা বললে তাকে এক কনস্টেবল বাথরুমে নিয়ে যায়। পরে বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে ওই কনস্টেবল ও আমি দৌঁঁড়ে যাই। গিয়ে দেখি রসুর গলায় পরনের কাপড় পেঁচানো। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।"
উপ-পরিদর্শক রহিম জানান, দ্রুত রসুকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে আবার থানা হাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনার পর তার নিরাপত্তা জোরদার করা হয়।
রসু মানসিক সমস্যায় ভুগছে বলে চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন।
এর আগে গত ১৪ অক্টোবর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে থাকার সময় রসু বাথরুমে যাওয়ার নামে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
রসু খাঁকে গত ৭ অক্টোবর টঙ্গীর নিরাশপুর থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। এখন পর্যন্ত চার দফায় তাকে ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গ্রেপ্তারের পর গত ৮ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে রসু প্রথমবারের মতো ১১ নারী হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24