ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্যক্রম চলার প্রেক্ষাপটে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর হামলার পর সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজ শুরু হওয়ায় সরকার এমনিতেই সতর্ক ছিলো। কালকের ঘটনার পর (তাপসের ওপর হামলা) র্যাব ও পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। সারা দেশে সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধুর খুনীরা যেসব কারাগারে রয়েছেন সেসব কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।"
সচিব জানান, নিরাপত্তা জোরদার করার বিষয় নিয়ে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার দুপুর ও বিকেলে দু'দফা বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/এএনএস/২৩২০ঘ.
bdnews24