ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের বিরুদ্ধে এক সাংবাদিককে গ্রেপ্তার করে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে ইংরেজি দৈনিক নিউ এজের স্টাফ করেসপনডেন্ট এফএম মাসুমকে মাদক রাখার অভিযোগে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মাসুমের সহকর্মীরা অভিযোগ করেন, গ্রেপ্তারের আগে র্যাব-১০ এর সদস্যরা মাসুমকে প্রকাশ্যে প্রচণ্ড মারধর করে এবং তার ক্ষতস্থানে লবণ লাগিয়ে দিয়েছিল।
বুধবার মধ্যরাতে মাদক ব্যাবসার অভিযোগে ৬৭ দক্ষিণ যাত্রাবাড়ির একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক মো. সালাউদ্দীনকে র্যাব-১০ গ্রেপ্তার করে। বাড়িটির দোতালায় মাসুম ভাড়া থাকেন।
নিউ এজের কয়েকজন সাংবাদিক জানান, বৃহস্পতিবার সকালে সালাউদ্দীনের স্ত্রীকে গ্রেপ্তার করতে এসে র্যাব সদস্যরা তার সঙ্গে খুব খারাপ আচরণ করে এবং তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মাসুম প্রতিবাদ জানাতে গেলে তারা তাকে প্রচণ্ড মারধর করে। পরে র্যাব সদস্যরা মাসুমকেও ধরে নিয়ে যায়।
সন্ধ্যা ৬টা পর্যন্ত মাসুম র্যাবের হেফাজতে ছিল।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের পক্ষ থেকে বিষয়টির সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২২২৯ ঘ.
bdnews24