২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুর সেতু এলাকা থেকে বালু-পাথর সরানো হয়নি, সোমবার নিলাম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যাতীরে রাখা বালু ও পাথর সরানোর জন্য প্রশাসন দুদিন সময় দিলেও সেগুলো সরিয়ে নেয়নি দখলদাররা। জেলা প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডিব্লউটিএ) লাল পতাকা দিয়ে নদীর সামীনা চিহ্নিত করে দিলেও অবৈধ দখলদারা সেগুলো সরিয়ে নদীর ভূমির ১০/১২ ফুট ভেতরে এনে খুঁটি লাগিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যাতীরে রাখা বালু ও পাথর সরানোর জন্য প্রশাসন দুদিন সময় দিলেও সেগুলো সরিয়ে নেয়নি দখলদাররা। জেলা প্রশাসন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডিব্লউটিএ) লাল পতাকা দিয়ে নদীর সামীনা চিহ্নিত করে দিলেও অবৈধ দখলদারা সেগুলো সরিয়ে নদীর ভূমির ১০/১২ ফুট ভেতরে এনে খুঁটি লাগিয়ে দিয়েছে। বৃহস্পতিবারও চলেছে জাহাজে আসা মাল নামানো এবং জাহাজে মাল ওঠানোর কাজ। দখলদারদের হাতেগোনা কয়েকজনকে নদীর তীরভূমি থেকে বালু কেটে অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানা হয়েছে, আগামী সোমবার কাঁচপুর সেতুর নিচে রাখা বালু ও পাথর নিলাম ডাকা হবে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কাঁচপুর এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য অভিযান চালায়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সামছুজ্জোহা। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের উর্ধ্বতন উপ-পরিচালক আবু জাফর হাওলাদর, উপ-পরিচালক আলমগীর কবীর প্রমুখ। উচ্ছেদ অভিযানের সময় বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ উপস্থিত ছিল। দুপুর ১২টায় শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকার অবৈধ স্থাপনা উচেছদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দুপুর ৩টা পর্যন্ত কাঁচপুর সেতু এলাকায় পাথর ও বালুর সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে। হ্যান্ড মাইকে ঘোষণা দেওয়া হয়, আগামী সাতদিন কাঁচপুর সেতু এলাকায় কোন জাহাজ বা নৌযান থেকে মাল নামানো এবং নৌযানে মাল ওঠানো যাবে না। এছাড়া কাঁচপুর সেতুর নিচে রাখা বালু, পাথরসহ অন্যান্য অবৈধ স্থাপনা রোববারের মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় এসব মালামাল নিলাম ডাকবে জেলা প্রশাসন। কাঁচপুরে সেতু এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম পার্শ্বের গাইড দেয়াল থেকে সেতুর চারটি পিলার পর্যন্ত মাটি দিয়ে নদী ভরাট করা হয়েছে। নদীর তীরভূমিতে বিপুল পরিমান বালু ও পাথর স্তুপ আকারে জমিয়ে রাখা হয়েছে। বুধবার জেলা প্রশাসন নদীর তীরভূমিতে রাখা বালু ও পাথর সরিয়ে নেওয়ার জন্য দুদিনের সময় বেধে দিলেও অবৈধ দখলদাররা তা সরিয়ে নেয়নি। তবে হাতেগোনা কয়েকজন দখলদারদের ট্রাকের করে নদীর ভূমি থেকে বালু কেটে অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। নারায়ণগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সামছুজ্জোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দখলদাররা লাল পতাকা দেওয়া সীমান চিহ্ন কিছু কিছু জায়গা থেকে সরিয়ে নদীর তীর ভূমির ১০/১৫ ফুট ভেতরে সীমানা চিহ্ন লাগিয়েছে। আগামী রোববারের মধ্যে ভরাটকৃত জায়গায় রাখা পাথর ও বালু নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সোমবার নিলাম ডাকা হবে। এজন্য স্থানীয় পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক আলমগীর কবির জানান, অবৈধ দখলদারদের মালামাল দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে। তারা যদি দ্রুত তাদের মালামাল সরিয়ে না নেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৩ ঘ.