মৌলভীবাজার, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃহস্পতিবার থেকে 'পর্যটন সহায়ক পুলিশ'র যাত্রা শুরু হয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের নিরাপত্তায় ১২ সদস্যের 'পর্যটক সহায়ক পুলিশ' এর একটি দল প্রাথমিকভাবে কাজ শুরু করেছে।
পুলিশের নতুন এ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্তি মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, "পর্যটক সহায়ক পুলিশের যাত্রা প্রতীকী হিসেবে শুরু হয়েছে। সময়ের দাবিতে বিদ্যমান জনবল থেকে পর্যটন সহায়ক পুলিশ নিয়োগ করা হয়েছে।"
এ ব্যাপারে এখন পর্যন্ত সরকারি অনুমোদন পাওয়া যায়নি জানিয়ে ত্রিপুরা বলেন, "অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা বিধানে পর্যটক সহায়ক পুলিশি ব্যবস্থা চালু করা হবে।"
তিনি জানান, পর্যটক সহায়ক পুলিশ লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন এ ইউনিটের সদস্যদের মধ্যে যারা ভালো করবেন তাদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে।
অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আরও জানান, পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদী পুলিশ সংস্কার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ছয়টি রেঞ্জ থেকে তিনটি করে ১৮ টি থানাকে মডেল থানা হিসাবে ঘোষণা করা হবে। এ থানাগুলোতে একটি করে সার্ভিস ডেলিভারি সেন্টার, দুটি ডাবল কেবিন পিকআপ, ছয়টি মোটরসাইকেল, তিনটি কম্পিউটার, একটি প্রিন্টার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ বিভিন্ন সুবিধা থাকবে।
কমলগঞ্জ থানা চত্বরে মৌলভীবাজার জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আব্দুল আলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট অঞ্চলের উপ-মহা পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ভূঁইয়া, জেলা প্রশাসক মফিজুল ইসলাম ও হবিগঞ্জ জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভূইয়া।
জেলার কমলগঞ্জ উপজেলার পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বনাঞ্চলের ১২৫০ হেক্টর এলাকাকে ১৯৯৬ সালের ৭ জুলাই 'লাউয়াছড়া জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা দেওয়া হয়।
২০০৮ সালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় ৬০ হাজার দেশি-বিদেশি পর্যটক আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24