২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসুকে নিয়ে টঙ্গীতে রাতভর অভিযান, গ্রেপ্তার ৩

১১ নারীকে হত্যার কথা স্বীকার করে আলোচিত চাঁদপুরের রসুকে খাঁকে নিয়ে পুলিশ গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

গাজীপুর/চাঁদপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১১ নারীকে হত্যার কথা স্বীকার করে আলোচিত চাঁদপুরের রসুকে খাঁকে নিয়ে পুলিশ গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়েছে। বুধবার রাতের এই অভিযানে রসু খাঁর সহযোগী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ টঙ্গীর মিরাশপাড়া থেকে এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে। রসু আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এদের নাম বলেছেন বলে পুলিশ জানিয়েছে। ফ্যান চুরির মামলায় গত ৭ অক্টোবর মিরাশপাড়ার বাসা থেকে রসুকে গ্রেপ্তার করে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। পরদিন পুলিশ তাকে তিনদিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে রসু ১১ নারীকে হত্যার কথা জানান। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন। রসুর সহযোগী সন্দেহে আটক তিনজন হলেন- মানিক (৩২), তার স্ত্রী সুফিয়া বেগম (২৮) এবং বছির উল্লাহ রাঢ়ী ওরফে বসু (৪০)। তাদের সবার বাড়ি চাঁদপুরে। তারা টঙ্গীতে ভাড়া থেকে ব্যবসা ও চাকরি করেন। পুলিশ এই তিনজনকে চাঁদপুরে এনে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া অভিযানে রসুর হাতে নিহত দুই নারীর পরিচয় নিশ্চিত এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এবং রসুর হত্যাকাণ্ডের তদন্ত কমিটর প্রধান এটিএম মোজাহিদুল ইসলাম জানান, রসুর দেওয়া জবানবন্দি অনুযায়ী তার হাতে খুন হওয়া নারীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে বুধবার রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসব নারীদের অবস্থান, প্রকৃত অভিভাবকদের পরিচয় এবং কীভাবে তারা রসুুর সংস্পর্শে আসেন এবং খুনের শিকার হন তা উদঘাটনই ছিল এই অভিযানের লক্ষ্য। পুলিশ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, রসুকে নিয়ে টঙ্গীর মিরাশপাড়া, ফকির মার্কেট ও এরশাদ নগর এলাকায় অভিযান চালানো হয়। মিরাশ পাড়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে মোজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধিকে বলেন, কোহিনুর হত্যা মামলায় রসুকে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদ করতে পুলিশ গত ১৮ অক্টোবর ছয়দিনের জন্য হেফাজতে নিয়েছে। কোহিনুরের বাড়ি টঙ্গী এলাকায়। তিনি জানান, হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের চতুর্থ দিন বুধবার সন্ধ্যায় পুলিশ রসুকে নিয়ে চাঁদপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১১টায় টঙ্গীতে পৌঁছার পর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী থানা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশ যৌথভাবে রসুকে নিয়ে অভিযানে নামে। পুলিশ কর্মকর্তা বলেন, রসু তার জবানবন্দিতে চাঁদপুরের ফরিদগঞ্জের টুগবী এলাকায় অজ্ঞাতনামা যে নারীকে হত্যার কথা বলেছিলেন তাতে তিনজন জড়িত থাকার বিষয়টি জানান। এই হত্যাকাণ্ডের ব্যাপারে রসু জবানবন্দিতে জানান, ২০০৭ সালের সেপ্টম্বর কি অক্টোবর মাসের দিকে টঙ্গীর বিসিক শিল্পনগরীর মিরাশপাড়া এলাকার মুদি দোকানদার মানিকের কথিত প্রেমিকাকে চাঁদপুরে এনে হত্যা করা হয়। এ হত্যায় প্ররোচনা দিয়েছিলেন আদম ব্যবসায়ী বসু। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজলোর টুগবী এলাকায় এনে খালের পানিতে চুবিয়ে হত্যার সময় মানিক ও তার স্ত্রী সুফিয়াও ছিলেন বলে রসু জবানবন্দিতে জানান। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, তারা এই অজ্ঞাত নারীর পরিচয় পাননি। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদে মেয়েটির পরিচয় জানা যাবে বলে তারা আশা করছেন। মানিকের বাড়ি চাঁদপুরের মতলবের বহরিয়া এলাকায় এবং বসু'র বাড়ি চাঁদপুরের হাইমচরের মদনপুরে। আটক তিনজনকে সকালে চাঁদপুর নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান। চাঁদপুর সদর উপজেলার সাপদী এলাকায় খুন হওয়া মাকসুদা আক্তার মেহেদীর ঠিকানা সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। মেহেদীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জোড়বাড়ি গ্রামে। তার বাবার নাম মাহবুবুর রহমান। গাজীপুর প্রতিনিধি মেহেদীর চাচা সানাউল হকের সঙ্গে ফোনে কথা বললে তিনি এ তথ্য জানান। তিনি জানান, মেহেদী এ বছরের ১৪ ফেব্র"য়ারি কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে আর ফেরেনি। পুলিশ জানায়, মেহেদী টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি এলকার টিটুদের বাড়ি ভাড়া থাকতেন। প্রতিবেশি আনোয়ার হোসেন ছবি দেখে তাকে সনাক্ত করেন। মেহেদী স্থানীয় পয়েন্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। মেহেদী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর ২৬ ফেব্র"য়ারি পশ্চিম সাপদী শশ্মানঘাট গ্রামের ডা. শংকর দত্তের পুকুরের পশ্চিম পাড় থেকে পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ১৫ মার্চ মামলা হয়। অভিযানে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাহিদুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিহাদুল কবির, টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সরকার, কোহিনুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, মেহেদী হত্যার মামলার তদন্ত কর্মকর্তা পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসেন সরকার, সাহিদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম এবং ফরিদগঞ্জ থানার এসআই মীর কাশেম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.