মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করসপনডেন্ট
স্টকহোম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে বৃহস্পতিবার ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডে-২০০৯ শুরু হয়েছে।
সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিক রেইনফেল্ড উদ্বোধনী অনুষ্ঠানে সুইডেন সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুইডেন সব সময় সহযোগিতা দিয়ে যাবে।
ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর চেয়ারম্যান রাজেন্দ্র কে পাচুরি বলেন, আমাদের বিদ্যমান উন্নয়ন চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্বের ১ দশমিক ৬ বিলিয়ন মানুষ এখনও বৈদ্যুতিক সুবিধা পায় না। আমাদের উন্নয়ন সংক্রান্ত ধ্যান-ধারণা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
সুইডেনের ক্রাউন প্রিন্স ভিক্টোরিয়া ইনগ্রিড এলাইস ডেসাইরি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বলেন, ইউরোপীয় ডেভেলপমেন্ট বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। নতুন ভাবনার বিকাশ ঘটাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এতে বিশ্বের ১২৫টি দেশ থেকে ৮০ জন উর্ধ্বতন কর্মকর্তা ও ৩ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। তিনদিনের এ সম্মেলনে নোবেল বিজয়ী গবেষক ও বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করবেন। শেখ হাসিনা ২৪ অক্টোবর সম্মেলনে বক্তব্য রাখবেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে সম্মেলনে যোগ দেন। এসময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্র্রীর সঙ্গে ছিলেন।
উন্নয়ন সহযোগিতাকে কিভাবে আরও কার্যকর করা যায় সে লক্ষ্যকে সামনে রেখে ইউরোপীয় ডেভেলপমেন্ট এর ৪র্থ সম্মেলনের আলোচ্যসূচি হচ্ছে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নির্ধারণ।
ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্সি প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করে থাকে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডেরিক রেইনফেল্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সুইডিশ পার্লামেন্টের স্পিকার ও সদস্য এবং সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং রাতে সুইডেনের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে শেখ হাসিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৮৪২ ঘ.
bdnews24