২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি সব নতুন ভবনে সোলার প্যানেল এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি সব নতুন ভবনে সোলার প্যানেল এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে 'গো গ্রিন সিরিজ: এনার্জি সেভিং-কস্ট সেভিং' শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা জানান। ডিসিসিআই ও জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী বলেন, "বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নতুন সব সরকারি ভবনে সোলার প্যানেল এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। একনেকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।" আপাতত নতুন নির্মিত ভবনগুলোতে এ ব্যবস্থা রাখা হবে এবং পর্যায়ক্রমে পুরানো ভবনগুলোতে এসব ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান তিনি। বেসরকারি ভবনগুলোতেও সোলার প্যানেল এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "উৎপাদনের সঙ্গে সমন্বয় রেখে ব্যবহার করা গেলে ১০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।" বিদ্যুৎ সমস্যা নিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন মহল অসন্তোষ প্রকাশ করে আসছে। দিনের আলোর ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার গত জুলাই মাসে ঘড়ির কাঁটা এ ঘণ্টা এগিয়ে আনা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি জাফর ওসমান বলেন, "আমাদের দেশে বর্তমান বিদ্যুতের চাহিদা প্রায় ৫ হাজার মেগাওয়াট। কিন্তু উৎপাদন হচ্ছে ৩৭শ মেগাওয়াট। এ বিষয়ে মানুষ সচেতন হলে দেশে বিদ্যুতের সাশ্রয় হবে।" কর্মশালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ইজাজ হোসেন এবং এনার্জি সেভিং ইনিসিয়েটিভ প্রজেক্টের টিম লিডার মাইকেল জন বার্কস বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে দুটি পেপার উপস্থাপন করেন। এতে বলা হয়, এনার্জি সেভিং মেজারের মাধ্যমে শিল্প-কারখানার বিদ্যুৎ ১০ থেকে ৩০ শতাংশ সাশ্রয় করা যায়। এ বিষয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি প্রয়োজন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন জিটিজেড এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডিয়েট্রিচ স্টটজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/এমআই/১৭০০ ঘ.