গাজীপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম)- গাজীপুর সদরের জিরানী বাজার এলাকার একটি তৈরি পোশাক কাখানায় ভাংচুর ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৯ শ্রমিককে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার তাদের রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক রবিউল ইসলাম।
রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই কারখানায় মঙ্গলবার পুলিশ- শ্রমিক সংঘর্ষ ও কারখানা ভাংচুরের ঘটনায় জয়দেবপুর থানায় ২টি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই পুলিশ এই ১৯ শ্রমিককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন (১৯), ফিরোজ (২০), রাসেল (২৯), আক্তার (১৮), সবুজ (২২), আরিফ (১৮), মোবারক (২০), কবির হোসেন (২০), বকুল হোসেন (২১), আনোয়ার হোসেন (১৮), হানিফ উদ্দিন (২৬), জালাল হোসেন (১৮), শামীম (১৮), হারুনুর রশিদ (১৮), ফিরোজ (২০), রেজাউল করিম (২৬), হাসান আলী (২০), রুহায়ন কবির (২৬) ও মারুফ (১৯)।
ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, কারখানার ভেতরে শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩ পুলিশ, কারখানার কর্মকর্তাসহ অন্ততঃ ১০ জন আহত হয়।
এ ঘটানয় মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়।
ওই কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মান্নান বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ করে একটি এবং ১০০/১৫০ জন শ্রমিককে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন চক্রবর্তী ফাঁড়ি পুলিশের হাবিলদার হাবিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24