২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসুর হাতে নিহত ১০ নারীর পরিচয় এখনও পায়নি পুলিশ

চাঁদপুরে গ্রেপ্তার রসু খাঁ'র হাতে নিহত ১১ নারীর মধ্যে ১০ জনের পরিচয় এখনও পায়নি পুলিশ। রসু তাদের নাম বললেও ঠিকানা জানায়নি। তাদের মধ্যে কোহিনুর নামের একজনের পরিচয় অনুসন্ধানের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় রসুকে নিয়ে চাঁদপুরের এক পুলিশ কর্মকর্তা টঙ্গী গিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চাঁদপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে গ্রেপ্তার রসু খাঁ'র হাতে নিহত ১১ নারীর মধ্যে ১০ জনের পরিচয় এখনও পায়নি পুলিশ। রসু তাদের নাম বললেও ঠিকানা জানায়নি। তাদের মধ্যে কোহিনুর নামের একজনের পরিচয় অনুসন্ধানের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় রসুকে নিয়ে চাঁদপুরের এক পুলিশ কর্মকর্তা টঙ্গী গিয়েছেন। কোহিনুরকে রসু টঙ্গী থেকে চাঁদপুর এনে হত্যা করেছে। কোহিনুর হত্যার বিষয়টি তদন্ত করছেন চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রহিম। আব্দুর রহিম বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোহিনুর সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য রসুকে নিয়ে আমি টঙ্গী যাচ্ছি।" কোহিনুর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৮ অক্টোবর রসুকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪ দিন অতিবাহিত হয়েছে। এখনও তার ঠিকানা সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি। নিহতদের মধ্যে শুধু পারভীন এবং বেঁচে যাওয়া রুমা নামের একজনের পরিচয় ও ঠিকানা সনাক্ত করা গেছে। রুমার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় এবং পারভীনের বাড়ি ফরিদগঞ্জের কড়ৈতলী এলাকায়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টিএম মোজাহিদুল ইসলাম বলেন, রসু হত্যাকাণ্ড সম্পর্কিত সবকিছুই স্বীকার করেছে। কিন্তু খুন হওয়া নারীদের নামগুলো বললেও তাদের মূল ঠিকানা বলেনি। গত ৭ অক্টোবর টঙ্গীর নিরাশপুর থেকে চুরির মামলায় গ্রেপ্তার করে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ। এরপর পুলিশ চার দফায় তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়। ১১ নারী হত্যাকাণ্ডের কথা স্বীকার করে রসু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.