২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদ শেষে রাজশাহীতে ৭ জেএমবি জঙ্গি কারাগারে

রাজশাহীতে গ্রেপ্তার জেএমবি'র সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

রাজশাহী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গ্রেপ্তার জেএমবি'র সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে বোয়ালিয়া থানা থেকে তাদের রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক বিএম তারিকুল কবীর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১০ অক্টোবর ৭দিন এবং ১৬ অক্টোবর আবার ৫দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা যাবে না। গত ৭ ও ৮ অক্টোবর ঢাকা পুলিশের বিশেষ শাখা রাজশাহী মহানগর পুলিশের সহযোগিতায় রাজশাহী, নওগাঁ ও নাটোর থেকে এই ৭ জঙ্গিকে গ্রেপ্তার করে। এরা হলেন- জেএমবির রাজশাহী বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় দাওয়াতী শাখার মুখ্য সমন্বয়ক আশরাফ ওরফে হায়দার ওরফে আব্দুর রাজ্জাক (৩২), জেএমবির গায়রে এহসার সদস্য আসাদুল ইসলাম (৩০) ও ইসারুল (২২), নওগাঁর হাফেজ আব্দুর রহিম ওরফে ইসমাইল (৩০), জেএমবির গায়রে এহসার সদস্য মমতাজ (২০) এবং নাটোরের শাহাব উদ্দীন (৩৫) ও জেএমবির গায়রে এহসার সদস্য রহিদুল (৩৫)। তাদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক ইমাউল হক বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.