২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষামূলক ই-ভোটিং হবে ডিসিসি'র ৪৯ নম্বর ওয়ার্ডে

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলক ইলেকট্রনিং ভোটিং চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের একথা জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলক ইলেকট্রনিং ভোটিং চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের একথা জানান তিনি। ছহুল হোসাইন বলেন, "ডিসিসি'র ধানমন্ডি এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডে ই-ভোটিংয়ের পাইলট প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর সফলতা যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হবে।" আগামী মার্চের প্রথম সপ্তাহেই ডিসিসি'র নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্যুনিকেশন টেকনোলজি (আইআইসিটি) তাদের নিজস্ব প্রযুক্তির ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার পদ্ধতি ইসির কাছে উপস্থাপন করে গত ৬ অক্টোবর। ওই সময় সিইসি এটিএম শামসুল হুদা জানান, ডিসিসি'র নির্বাচনে একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইলেট্রনিক ভোটিংয়ের জন্য প্রয়োজনীয় চাহিদা বুয়েটের কাছে জানানো হবে। এক প্রশ্নের জবাবে ছহুল হোসাইন জানান, ডিসিসি নির্বাচন পুরনো সীমানায় অনুষ্ঠিত হবে। নতুন করে সীমানা নির্ধারণের বিষয়ে ইসির কোনও উদ্যোগ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলে নতুন সীমানা নির্ধারণের উদ্যোগ নিতে পারে। ২০০২ সালে সর্বশেষ ডিসিসি'র নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের মে মাসে ডিসিসি নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। ঢাকা মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ছহুল বলেন, "ডিসিসিতে নতুন ভোটাররাও এবার ভোট দিতে পারবে।" ২০০৮ সালে ডিসিসি'র ভোটার ছিল ৩৫ লাখেরও বেশি। এবছর হালনাগাদে ঢাকা সিটি করপোরেশনে ২ লাখ ২৯ হাজার ৫৮৬ জন নতুন ভোটারের তথ্য সংগৃহীত হয়েছে। এখন তাদের ছবি তোলাসহ নিবন্ধনের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৩৭ ঘ.