ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ফখরুদ্দীন আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) 'বিধিবর্হিভূতভাবে' ১৬ কোটি টাকা ব্যয় করেছে অভিযোগ করে একটি সংসদীয় কমিটি ওই টাকা কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ সেসময়ের কর্মকর্তাদের কাছ থেকে আদায় করার সুপারিশ করেছে।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী ছাড়া অভিযুক্তরা হচ্ছেন, সেসময়ের কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নান, মহাপরিচালক ও সচিব।
কমিশন বিদেশি কয়েকটি সংস্থার কাছ থেকে অর্থ আদায় করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বুধবার বলেছে, ওই সময় কমিশন আইনজীবীদের ফি হিসেবে দিয়েছিল ১০ কোটি টাকা। বাকী ছয় কোটি টাকা ব্যয় করেছিল গোয়েন্দা কার্যক্রমের জন্য।
কমিটি এগুলোকে অপব্যয় বলে অভিহিত করেছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে এক বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, "আমরা দুদকের সাবেক চেয়ারম্যান, দুই কমিশনার, মহাপরিচালক ও সচিবের কাছ থেকে ১৬ কোটি টাকা আদায়ের সুপারিশ করেছি। কারণ বিধিবহির্ভূত ও হিসাবের বাইরে তারা এ অর্থ খরচ করেছেন।"
দুদক বিধিবর্হিভূত গোয়েন্দা তৎপরতার জন্য ছয় কোটি ব্যয় করেছিল জানিয়ে মহীউদ্দীন খান বলেন, "পাবলিক ডিমান্ড রিকভারি আইনে ওই টাকা আদায় করতে বলা হয়েছে।"
তিনি আরো অভিযোগ করেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক বিভিন্ন বিদেশি সংস্থার কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএইচ/১৯৪২ ঘ.
bdnews24