সাভার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে বুধবার ভোরে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব জানায়।
এরা হল- সাভারের শোভাপুর এলাকার সেলিম খান (২২), মেইটকা এলাকার জালাল (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার সুলতান খান (২১), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দরচর এলাকার মনির হোসেন (৩৫), ফরিদপুরের মধুখালী উপজেলার জলকর এলাকার রবিউল শেখ (৩২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোরবান আলী (৩৫)।
তাদের কাছ থেকে ৮ রাউন্ড গুলিভর্তি দু'টি পিস্তল, ৪টি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল হেমায়েতপুরের লালন সিএনজি ফিলিং স্টেশনের পাশে একটি দেওয়াল ঘেরা খালি মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে। তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
র্যাব কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ ডাকাতদলকে অনুসরণের পর তাদের ছয় সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24