নাটোর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিলি ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সব অভিযুক্তকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এএসএম জহুরুল ইসলাম এ রায় দেন। এসময় এ মামলার অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
অভিযুক্তরা হলেন, ফজলে বারী, ছাইদুজ্জামান ও ফজলার রহমান।
বিচারক তার রায়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো।
এই মামলার ১৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়।
২০০৫ সালের ৩ মে রাজশাহী শহরের ঘোষপাড়া মোড়ের নিজ বাসায় পঞ্চম শ্রেণীর ছাত্রী মাফরুজা বেগম মিলিকে (১১) ধর্ষণের পর হত্যা করা হয়।
এ ব্যাপারে মিলির বাবা মুনছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। সিআইডি পুলিশ মামলার তদন্ত শেষে অভিযুক্তদের অব্যাহতির সুপারিশ জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
পরে হাইকোর্ট মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪১ ঘ.
bdnews24