ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা প্রধান মঈন উ আহমদের বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর করা মানহানির মামলায় মঈনের পক্ষে দাখিল করা ওকালতনামার বৈধতা নিয়ে মঙ্গলবার শুনানি হয়েছে।
ঢাকার ৩য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম উভয়পক্ষের শুনানি গ্রহণ করে আগামী ২৭ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন।
মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ বছরের ১২ জুলাই মামলাটি দায়ের করেন বিএনপি নেতা জোট সরকারের আমলের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
টুকুর আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ গত ১ অক্টোবর অনিয়মের মাধ্যমে মঈনের স্বাক্ষর সংগ্রহ করে অকার্যকর ওকালতনামা দাখিল করা হয়েছে বলে দাবি করে আদালতে বলেছিলেন, যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে তা দিয়ে মামলাটি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ মঈনের নেই।
মঈনের আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী এবং হুমায়ুন কবির ভুইয়া এ দাবির পরিপ্রেক্ষিতে লিখিত আপত্তি দাখিল করেন।
আপত্তিতে তারা বলেন, গত ১৪ জুলাই মামলার খবর পেয়ে মঈনের ভাই বেলাল ইউ আহমেদের নির্দেশে হেলাল উদ্দিন ও মামুন নামে তাদের দুই আত্মীয় কুরিয়ার সার্ভিস 'ডিএইচএল' এর মাধ্যমে লন্ডনে অবস্থানরত মঈন উ আহমেদের কাছে একটি ওকালতনামা পাঠান। মঈন স্বাক্ষর করে তা পাঠিয়ে দেন। বেলাল ওই ওকালতনামা গত ৫ আগস্ট মঈনের আইনজীবী হুমায়ুন কবির ভুইয়াকে দেন।
হুমায়ুন কবির ভুইয়া ওকালতনামা সংগ্রহের এ পদ্ধতিটি আইনি পন্থায় যথাযথভাবে করা হয়েছে দাবি করে মঙ্গলবার মঈনের ওই আত্মীয়দের স্বাক্ষী হিসেবে আদালতে হাজির হওয়ার জন্য আদালতের আদেশ প্রার্থনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসকে/২১১৫ঘ.
bdnews24