২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট সরকারের মেয়াদেই শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন: দীপংকর

মহাজোট সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। মঙ্গলবার সচিবালয়ে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। সন্তু লারমা সোমবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন, 'শাসকগোষ্ঠী' পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেই ১২ বছরেও তা বাস্তবায়িত হয়নি। দীপংকর তালুকদার বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার হচ্ছে- শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। সরকারের এই মেয়াদে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে আশা করছি। ইতোমধ্যে আমরা এ সংক্রান্ত বিভিন্ন কমিটি পুনর্গঠন করেছি, কার্যক্রম শুরু হয়েছে।" বৈঠকে এসব কার্যক্রমের অগ্রগতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা- জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, "অবনতি হয়নি। একে উন্নতি হয়েছে না বললেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলা যায়।" গত ২৯ জুলাই সরকার ৩৫টি ক্যাম্প ও ৩টি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেনা প্রত্যাহার নিয়ে চারদলীয় জোটের বক্তব্যের সমালোচনা করে দীপংকর বলেন, "সেনা প্রত্যাহার নিয়ে বিএনপি-জামায়াত যে এত হৈ চৈ করছে, তাদের আমলেই (২০০১-২০০৫) অপ্রয়োজনীয় ৮২টি অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। শুধু ২০০৪ সালেই ৬৩ টি অস্থায়ী ক্যাম্প সরানো হয়েছে বলে আইএসপিআর-এর তথ্য রয়েছে।" দেশের কোনো জেলায় দু'টি স্থায়ী ক্যান্টনমেন্ট থাকার নজির নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "অথচ পার্বত্য এলাকায় ৬টি স্থায়ী ক্যান্টনমেন্ট রয়েছে।" তিনি চারদলীয় জোটের প্রতি ইঙ্গিত অভিযোগ করেন, "তখন পায়ে পায়ে ঝগড়া লাগিয়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এখন তারা চুপসে গেছে।" আওয়ামী লীগ সরকারের এর আগের মেয়াদে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও শান্তিবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২০০২ঘ.