পঞ্চগড়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ড নিয়ে কটুক্তি করার অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ে একটি মামলা হয়েছে।
এর আগে একই অভিযোগে তার বিরুদ্ধে টাঙ্গাইল, মাগুরা, খুলনা ও নড়াইলে বেশ কয়েকটি মামলা হয়।
মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলাটি করে পঞ্চগড়ের বোদা উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম।
হাকিম দিলীপ কুমার দেবনাথ মামলাটি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বাদিপক্ষের আইনজীবী আবু ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন।
নির্মম ও নৃশংস এই হত্যাযজ্ঞ নিয়ে এমন মানহানিকর বক্তব্যে বাদিসহ দেশের জনগণ ক্ষুব্ধ, হতবাক ও চরমভাবে অপমাণিত হয়েছে। এ কারণে শান্তিভঙ্গেরও আশঙ্কা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাদি ওই মন্তব্য মেনে নিতে পারেননি। এজন্য মামলাটি করেছেন বলে আর্জিতে উল্লেখ করা হয়।
বাদিপক্ষে আরও ছিলেন পঞ্চগড় বারের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও ওয়াহিদুজ্জামান সুজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24