২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসুকে নিয়ে আরও দুটি হত্যাকাণ্ডের স্থান দেখল পুলিশ

রসু খাঁকে নিয়ে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকায় দুই নারী হত্যাকাণ্ডের স্থান ঘুরে দেখেছে পুলিশ। এর আগেও পুলিশ রসুকে নিয়ে দুটি হত্যাকাণ্ডের স্থান দেখেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চাঁদপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রসু খাঁকে নিয়ে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকায় দুই নারী হত্যাকাণ্ডের স্থান ঘুরে দেখেছে পুলিশ। এর আগেও পুলিশ রসুকে নিয়ে দুটি হত্যাকাণ্ডের স্থান দেখেছিল। মঙ্গলবার দুপুরে পুলিশ রসুকে নিয়ে প্রথমে সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকায় যায়। এ সময় রসু ওই এলাকার মুনাফ পাটওয়ারী বাড়ির পশ্চিম পাশে কোহিনুর হত্যাকাণ্ডের স্থানটি দেখান। এরপর রসুকে নিয়ে হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে রসু দেড় মাস আগে ওই এলাকার চৌধুরীর হাটের পূর্ব পাশে বিলের মাঝখানের খালের মধ্যে ঢাকা থেকে আনা একটি মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করার স্থানটি দেখান। রসুকে যখন বালিয়া ও ভিঙ্গুলিয়া এলাকায় নিয়ে যাওয়া হয় তখন ওই এলাকায় শত শত নারী-পুরুষ তাকে দেখার জন্য ভিড় করে। হত্যাকাণ্ডের স্থান ঘুরে দেখার সময় পুলিশের সঙ্গে ছিলেন চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. সিরাজুল ইসলাম। কোহিনুর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২৩ অক্টোবর সদর উপজেলার ডাকাতিয়া এলাকা থেকে পুলিশ কোহিনুর নামের এক নারীর লাশ উদ্ধার করে। কোহিনুরের বাড়ি টঙ্গী এলাকায়। তিনি জানান, ধরা পড়ার পর রসু প্রাথমিক পর্যায়ে ফরিদগঞ্জ থানা পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এই মামলায় পুলিশ রসুকে আসামি দেখিয়ে জিজ্ঞাসাবাদের করতে রোববার ছয়দিনের জন্য হেফাজতে নেয়। এর আগে তাকে তিন দফায় আটদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। হাইমচরে অজ্ঞাতনামা এক নারী হত্যাকাণ্ডের ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, মামলাটি প্রথমে হাইমচর থানা পুর্লিশের কাছে ছিল এবং আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। পরে মামলাটি সিআইডি পুনরুজ্জীবিত করে এবং তা এখন তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। গত ১৫ অক্টোবর চাঁদপুর সদর উপজেলায় শাহিদা নামের এক নারী হত্যার ঘটনায় রসুকে তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহিদাকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এনে হত্যা করেন রসু। পরদিন রসুকে নিয়ে প্রায় ৩ ঘণ্টা সদর উপজেলার সোবহানপুরের ডাকাতিয়া নদীর তীর এবং দুর্গাদীর দত্ত বাড়ির শশ্মানঘাট এলাকায় দুটি হত্যাকাণ্ডের স্থান ঘুরে দেখে পুলিশ। ডাকাতিয়া নদীর তীরে হত্যা করা হয় শাহিদাকে। আর দুর্গাদীর দত্ত বাড়ির শ্মশানঘাটে হত্যা করা হয় টঙ্গী থেকে নিয়ে আসা মেহেদী নামের এক পোশাক কারখানার কর্মীকে। রসু খাঁকে গত ৭ অক্টোবর টঙ্গীর নিরাশপাড়া থেকে চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে রসু ১১ নারীকে হত্যা কথা স্বীকার করেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে এসব হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩১ ঘ.