দিনাজপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু লোক বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তেলানের বিরোধিতা করছে বলে দাবি করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি আহমদ।
সোমবার বিকেলে বড়পুকুরিয়া কয়লা খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "তারা চায় কয়লা বিদেশ থেকে আমদানি হোক এবং দেশের কয়লা উত্তোলন করা না হোক।"
অলি আহমদের নেতৃত্বে স্থায়ী কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিকেল সাড়ে ৫টায় বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেন।
এলাকাবাসীর উদ্দেশে অলি বলেন, "আপনারা কারও কথায় কান দিবেন না। ঢাকায় বসে যারা লেখালেখি করেন তাদের ভূগর্ভস্থ ক্যানেলের ভিতরে ঢুকিয়ে দিলে বুঝতে পারবেন কোন পদ্ধতিতে কয়লা উত্তোলন ভাল।"
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ছাড়া কোনো বিকল্প নেই দাবি করে তিনি বলেন, "ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে ২০/৩০ বছর পর পুরো এলাকা ধসে যাবে। তখন কারও কিছু করার থাকবে না।
পরিবেশের ক্ষতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অলি বলেন, "উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে পরিবেশের কোনো ক্ষতি হবে না। যারা ক্ষতির কথা বলছে তারা অসত্য কথা বলছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে এক হাজার বছর বাংলাদেশে আর কয়লা আমদানি করতে হবে না।"
তিনি দাবি করেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্তদের যে পরিমাণ অর্থ দেওয়া হবে তাতে জনগণ লাভবান হবে, দেশও উপকৃত হবে।
প্রতিনিধিদলে আরও ছিলেন- নজরুল ইসলাম, শামসুল ইসলাম, বেগম হামিদা বানু শোভা ও আজিজুল হক চৌধুরী।
কমিটির খনি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার পরিচালক ইউসুফ আলী তালুকদার, বড়পুকুরিয়া কোল মাইনিং লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আব্দুল মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24