২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের লেলিহান শিখার সঙ্গে যুদ্ধ যাদের

পেশাগত জীবনের ৩৩ বছরে কমপক্ষে সাড়ে তিন হাজার অগ্নিনির্বাপনে অংশ নিয়েছেন দমকলকর্মী মোহাম্মদ হোসেন। যুদ্ধ করেছেন আগুনের লেলিহান শিখার সঙ্গে। কখনও বা কোমরে আঘাত পেয়েছেন। কখনও চোখে। দমকল কর্মীদের এ রকম জীবনের কথা জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পেশাগত জীবনের ৩৩ বছরে কমপক্ষে সাড়ে তিন হাজার অগ্নিনির্বাপনে অংশ নিয়েছেন দমকলকর্মী মোহাম্মদ হোসেন। যুদ্ধ করেছেন আগুনের লেলিহান শিখার সঙ্গে। আগুন নেভাতে গিয়ে কখনও বা কোমরে ব্যথা পেয়ে ঠাঁই হয়েছে বিছানায়। আবার কখনও চোখে আঘাত পেয়ে যেতে হয়েছে হাসপাতালে। একবার আগুন নেভাতে গিয়ে ঘটনাস্থলেই মস্তিষ্কে রক্তক্ষরণে পড়ে যান মোহাম্মদ। তবুও দমে যাননি তিনি। শুধু তিনিই নন, দমকল বাহিনীতে কর্মরত রয়েছেন এমনি আরও শত মোহাম্মদ। বৈরি পরিবেশ আর অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম স্বল্পতায় মৃত্যু বা পঙ্গু হওয়ার ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে চলেছেন এসব অগ্নিযোদ্ধা। রোববার গভীর রাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামের সামনে টঙ্গী দমকল স্টেশনের 'ফায়ার গ্রুপ লিডার' মোহাম্মদ হোসেনের সঙ্গে যখন এ প্রতিবেদকের কথা হয়, তখন সেখানে আগুন নেভানোর প্রাণান্ত চেষ্টায় ব্যস্ত ছিলেন শতাধিক দমকলকর্মী। স্মৃতি হাতড়ে মোহাম্মদ জানালেন, তার দীর্ঘ ৩৩ বছরের চাকরি জীবনের বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতার ঘটনা। মোহাম্মদ বলেন, "কাজে নামলে পরিবার (স্ত্রী) খুব চিন্তা করে। এখনতো ঘন ঘন মোবাইল ফোনে কথা হয়। আগে তো জানতেই পারতো না, কখন কই গেলাম। বড় কোন আগুনের খবর শুনলেই বেঁচে আছি না মইরা গেলাম সেই চিন্তায় তার দিন কাটতো। "দুই ছেলে-দুই মেয়ের মধ্যে তিনজনকে প্রতিষ্ঠিত করছি। অন্যজনের বয়স কম।" মোহাম্মদ জানান, প্রতিমাসে গড়ে অন্তত ১০টি করে অগ্নিনির্বাপণে অংশ নেন। মাঝে-মধ্যে আঘাতজনিত বা অসুস্থতা ও ছুটি বাদ দিয়ে দীর্ঘ পেশাগত জীবনে কমপক্ষে সাড়ে তিন হাজার অগ্নিনির্বাপণে অংশ নিয়েছেন। এর মধ্যে অন্যতম ঘটনাগুলোর কথা স্মরণ করে বলেন, "১৯৮৪ সালে একবার ফার্মগেটে আগুন নেভাতে গিয়ে পড়ে গিয়ে কোমরে আঘাত পাই। সেবার বেশ কিছুদিন বিছানায় পড়ে থাকতে হয়। '৯০ সালের দিকে মিরপুরে আগুন নেভাতে গিয়ে চোখে আঘাত পেয়েছি।" সর্বশেষ ছয়মাস আগে টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে মস্তিষ্কে রক্ত ক্ষরণের কথা মনে করে তিনি বলেন, সেদিন পড়ে গেলেও আল্লার রহমতে বেঁচে গেছি।" ১৯৯৬ সাল থেকে নয় বছর ধরে তিনি কাজ করেছেন রাজধানীর কুর্মিটোলা দমকল স্টেশনে। তখন অংশ নিয়েছেন দেশের প্রথম মহিলা পাইলট রোকসানার বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারকাজে। প্যারেড গ্রাউন্ডে ট্যাংকের ভেতরে লেগে যাওয়া আগুনও নিভিয়েছেন তিনি। তবে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হন আশির দশকে টঙ্গীর অদূরে মাজুখান এলাকায় রেল দূর্ঘটনায় উদ্ধারকাজে গিয়ে। ওই দুর্ঘটনায় কয়েকশ' লোকের মৃত্যু হয়। কাঁপা কাঁপা কন্ঠে বললেন, "এখনও সেই ঘটনা মনে হলে শরীর শিউরে উঠে। মানুষের ছিন্ন-ভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, টুকরো টুকরো লাশ এক সঙ্গে বস্তায়-কাপড়ে রাখার সেই দৃশ্য এখনো আমার চোখে মাঝে মাঝেই ভেসে উঠে। এতো মর্মান্তিক মৃত্যু আর কখনও দেখিনি।" প্রচণ্ড ঝুঁকির মুখে জীবন বাজি রেখে জান-মাল রক্ষা করেও অনেক সময় মানুষের গালমন্দ খেয়ে ফিরে আসতে হয়েছে বলেও জানান মোহাম্মদ। তিনি বলেন, "কোথাও দেরিতে যাওয়ার অজুহাতে ক্ষুব্ধ জনতা তেড়ে এসেছে, তবুও জান-মাল রক্ষার জন্য পিছু হটিনি। একজন আবুল খায়ের দুঃসাহসে ভর করে এখনও আগুনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন দমকল কর্মী (ডুবুরি) আবুল খায়ের। এরই মধ্যে পেয়েছেন অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। এতো কিছুর পরও তার মধ্যে কোন দাম্ভিকতার প্রকাশ নেই। খেটেই চলেছেন অবিরত। রোববার সকাল থেকে দিনভর কখনও হোসপাইপ বা কখনও অক্সিজেন মাস্ক নিয়ে তাকে ছোটাছুটি করতে দেখা গেলো। খায়েরসহ আরও কয়েকজন অক্সিজেন মাস্ক পরে আগুন আর ধোঁয়ার মধ্যেই এনসিটিবির গুদামের ভেতর ঢোকেন। 'আর কতো, এবারতো আসো, ছেলে তো ঘুমায় না' রোববার সকাল থেকে একটানা প্রায় ১৮ ঘণ্টা ধরে কাজ করে চলেছেন তেজগাঁও দমকল স্টেশনের কর্মী আরিফ হোসেন। বাসায় তার স্ত্রী ও তিন বছরের একটি ছেলে। দিন পেরিয়ে মধ্যরাত হয়ে যাওয়ায় কিছুক্ষণ পরপরই স্ত্রী ফোন করছে "আর কতো, এবারতো আসো, ছেলে তো ঘুমায় না।" সন্তানের কথা চিন্তা করে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে আরিফের। পিতৃ স্নেহের ভাবনা তাকে কিছু সময়ের জন্য পেয়ে বসে। তবে থমকে যান না আরিফ। নিজের না হোক তাতে কী, অন্য কারও সন্তান বা সম্পদ রক্ষায় আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেন আরিফ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২১১১ ঘ.