চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালীতে সোমবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিতে ছোট ভাই খুন হয়েছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাইসহ চারজনকে আটক করেছে।
বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম (৪৫) ওই গ্রামের মৃত দরবেশ আলীর পুত্র।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি গোয়াল ঘরের দখল নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে বড় ভাই আবদুর রাজ্জাক ছোট ভাই সালামকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত সালামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
উপ-পরিদর্শক আরও জানান, ঘটনার পর এলাকাবাসী আবদুর রাজ্জাকের ছেলে ও স্ত্রীসহ চারজনকে আটক করে থানায় সোপর্দ করে। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১১১ঘ.
bdnews24