২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ বাধাগ্রস্ত করার জন্য এটি করা হতে পারে: শিক্ষা প্রতিমন্ত্রী

জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে অগ্নিকাণ্ডে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। রোববার ভোরে শুরু হওয়া ওই অগ্নিকাণ্ড দীর্ঘসময় ধরে চলে। সোমবারও ভেতরে থাকা বিপুল পরিমাণ কাগজের স্তুপে ধিকি ধিকি আগুন জ্বলছিল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে অগ্নিকাণ্ডে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। রোববার ভোরে শুরু হওয়া ওই অগ্নিকাণ্ড দীর্ঘসময় ধরে চলে। সোমবারও ভেতরে থাকা বিপুল পরিমাণ কাগজের স্তুপে ধিকি ধিকি আগুন জ্বলছিল। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "সামনে আমাদের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। নভেম্বর মাসে সমাপনী পরীক্ষা নেওয়া, ডিসেম্বরে বই বিতরণ এবং জানুয়ারিতে সবাইকে স্কুলে আনা।" "এ তিনটি চ্যালেঞ্জ বাধাগ্রস্ত করার জন্য কেউ এ কাজ করতে পারে।" তবে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, প্রাথমিক , মাধ্যমিক ও মাদ্রাসা কোনও পর্যায়েই বই সময় মতো বিতরণ বাধাগ্রস্ত হবে না। তিনটি পর্যায়ের সব কাগজ বই ছাপার জন্য চলে গেছে। তিনতলা গুদামের নিচতলায় প্রাথমিক বিদ্যালয়ের পরের বছরের বইয়ের জন্য ১২০০ টন কাগজ অক্ষত অবস্থায় রয়েছে বলে তিনি জানান। আর যে গুদামটিতে আগুন লেগেছে সেখানে 'টিচার্স গাইড' এবং মাধ্যমিক ও মাদ্রাসার অতিরিক্ত ৮০০ টন কাগজের বেশির ভাগ পুড়ে গেছে। এর মধ্য থেকে কিছু কাগজ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মন্ত্রী বলেন, "আগুন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দোতলা, তিনতলা ও একতলার অন্য কক্ষগুলোতেও আগুন ছড়ায়নি। তবে তাপ বেড়ে যাওয়ার কারণে ভবনের কোনও ক্ষতি হয় কী না আমরা সে আশঙ্কা করছি।" তিনি বলেন, "সরকারের উল্লেখিত ১৯ কোটি বিনামূল্যের বইয়ের কোনও কিছুই এখানে নেই।" এনসিটিবির একজন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত গুদামে ৭৪৫ টন ইবতেদায়ী মাদ্রাসার বই ছাপানোর কাগজ ও ১১৩ টন মাধ্যমিকের বই ছাপানোর কাগজ ছিল। এর মধ্যে প্রায় দেড়শ' টন কাগজ অক্ষত উদ্ধার করা গেছে। বিভিন্ন দামের এসব কাগজের মোট মূল্য সাত থেকে সাড়ে সাত কোটি টাকা হতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১২৫ঘ.