বাগেরহাট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জীবন বীমা কর্পোরেশনের বাগেরহাটের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নকিব জিল্লুর রহমান নামের ওই কর্মকর্তা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে মংলায় কর্মরত অবস্থায় ২০০৪ সালে মামলা হওয়ার পর সাাময়িক বরখাস্ত হন।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ সোমবার বাগেরহাটের মূখ্য বিচারিক হাকিম গাজী আব্দুর রহমানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নকিব জিল্লুর রহমানের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামে।
মো. মঞ্জুর মোর্শেদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালের ১১ এপ্রিল থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে নকিব জিল্লুর রহমান জীবন বীমা কর্পোরেশনের মংলা শাখায় কর্মরত অবস্থায় ১৬৫ জন গ্রাহকের কাছ থেকে তিন লাখ ২৯ হাজার ৬১৩ টাকা আদায় করেন। ওই টাকা জমা না করে তিনি আত্মসাৎ করেন।
এই ঘটনায় দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের তৎকালীন পরিদর্শক মো. রফিকুজ্জামান বাদী হয়ে ২০০৪ সালের ১ আগস্ট মংলা থানায় একটি মামলা করেন।
তদন্তে নকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০৯ ও ৪২০ দণ্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেওয়া হয় বলে দুদক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24