ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স নির্মাণ মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছে আদালত।
সোমবার বিকেলে ৩টার দিকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাঠানো চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
চূড়ান্ত প্রতিবেদনে দুদক দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ কথা উল্লেখ করা হয়েছে। সোমবার দুদকের আইনজীবী একেএম আবদুস সালাম চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন।
মামলায় অব্যাহতি পাওয়া অন্য তিনজন হলো- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব মো. আসাদউজ্জামান ও পরামর্শক প্রতিষ্ঠান 'মেসার্স ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড' এর স্থপতি ইকবাল হাবিব ইকবাল।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দায়ের করা 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ নির্মাণ' প্রকল্প সংক্রান্ত এ মামলায় রোববার চূড়ান্ত প্রতিবেদন দেয় দুদক।
ওই দিন বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দুর্নীতির বিরুদ্ধে নজরদারি সংস্থাটির উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান। মহানগর হাকিম এসকেএম তোফায়েল হাসান চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন।
মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বিশেষ বিবেচনায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান কিছুটা শিথিল করা হলেও এর মাধ্যমে কোন ব্যক্তিবিশেষ অবৈধভাবে লাভবান হয়েছেন বা এর পেছনে কোন অসৎ উদ্দেশ্য বা অপরাধমূলক মানসিকতা কাজ করেছে বলে তদন্তকালে প্রতীয়মান না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হল।
এ মামলায় দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছিল, গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পাস হওয়ার আগেই এর নকশা, মডেল প্রাক্কলন এবং সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান মেসার্স ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডকে প্রাথমিকভাবে একক পরামর্শক হিসেবে মৌখিক নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানকেই অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ দেওয়া হয়। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতসহ দুটি সভার পর ১৯৯৮ সালের ২৫ নভেম্বর একনেক সভায় প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদিত হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, পরামর্শক প্রতিষ্ঠানের ফি "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট" এর তহবিল থেকে পরিশোধের সিদ্ধান্ত থাকলেও বিধিবিধান উপেক্ষা করে তা প্রকল্প খাতে বরাদ্দকৃত অর্থ থেকে পরিশোধের ব্যবস্থা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসএইচ/১৬১৬ ঘ.
bdnews24