ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো 'রিয়ালিটি শো'র আয়োজন করতে যাচ্ছে মোবাইলফোন নির্মাতা কোম্পানি নকিয়া।
'উত্তরাধিকার' নামের এ শোতে ১০ জন তারকা শিল্পী একশ' বছরের পুরনো এক জমিদার বাড়ির উত্তরাধিকার অর্জনের লড়াইয়ে লিপ্ত হবেন।
এর মধ্যে সম্ভাব্য পাঁচ পুরুষ তারকা হলেন অভিনেতা ও মডেল শিমুল, শাহরিয়ার নাজিম জয়, তুষার খান, গায়ক জন, চলচিত্র অভিনেতা ফারদিন খান।
সম্ভাব্য পাঁচ নারী তারকা শিল্পী হলেন অভিনেত্রী ইলোরা গওহর, লারা লোটাস, চলচিত্র অভিনেত্রী শিমলা, মডেল ইমি ও শানু।
আগামী ৫ নভেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নকিয়া ইমার্জিং এশিয়ার বিপণন বিভাগের প্রধান নওফেল আনোয়ার বলেন, "দেশে বিনোদন ক্ষেত্রে রিয়ালিটি শোর অভাব রয়েছে। নতুনত্ব ও মানুষের আগ্রহের বিষয়টি বিবেচনা করে নকিয়া এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।"
তিনি আরও বলেন, "নিজেদের শ্লোগানের মতোই নকিয়া সবসময়ই মানুষের সঙ্গে যুক্ত থাকতে চায়। তাই আমরা নতুন কিছূ সৃষ্টি করতে চেয়েছি, যা বিনোদনের ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করবে।"
বিজ্ঞাপন ও চলচিত্র নির্মাতা অমিতাভ রেজা এবং এশিয়াটিক জেডব্লিউটি'র ব্যবস্থাপনা পরিচালক আলী যাকেরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩২৭ঘ.
bdnews24