২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে আট জেলায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ঐক্য পরিষদ

বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে বিআরটিসি কর্তৃপক্ষের মামলা প্রত্যাহার ও চুক্তি অনুযায়ী বিআরটিসি বাস চালানোসহ চার দফা দাবিতে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় সোমবার থেকে অর্নির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

বাগেরহাট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে বিআরটিসি কর্তৃপক্ষের মামলা প্রত্যাহার ও চুক্তি অনুযায়ী বিআরটিসি বাস চালানোসহ চার দফা দাবিতে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় সোমবার থেকে অর্নির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। খুলনা বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত ৫ অক্টোবর সভা করে এই সিদ্ধান্ত নেয়। ঘোষণা অনুযায়ী বরিশাল ও খুলনা বিভাগের সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত খুলনা জেলার রূপসা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সব রুটে এই ধর্মঘট পালিত হবে। খুলনা-বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সরদার মো. শাহ আলম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট জেলায় প্রশাসন সড়ক পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা ফলপ্রসু হয়নি দাবি করে তিনি বলেন, দাবি না মানলে সোমবার ভোর থেকে ধর্মঘট শুরু করবেন তারা। বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম জানান, চুক্তি অনুযায়ী বিআরটিসি বাস পরিচালিত না হওয়ায় এবং সরকার নসিমন, করিমন, ভাড়ার মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের অবৈধ যাত্রীবাহী যান চলাচল বন্ধ না করায় আট জেলার অন্তত তিন হাজার বাস মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্তত দশ হাজার শ্রমিক-কর্মচারী। এই অবস্থায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন বলে তিনি দাবি করেন। ধর্মঘট চলাকালে এসব জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান নজরুল ইসলাম। খুলনা বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক নীহার রঞ্জন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তা জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে। এই বার্তায় গত ৯ জুলাই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, বাগেরহাট ও খুলনা পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। সেখানে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের কিছুটা নমনীয় দেখা গেছে। জুলাই মাসে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলায় বেসরকারি বাস মালিকদের লোকজন বিআরটিসির বাস ভাঙচুর ও চালককে মারধর করে। এ ঘটনায় বিআরটিসি'র স্থানীয় কর্তৃপক্ষ কয়েকজন বাস মালিক ও শ্রমিককে আসামি করে দুটি মামলা করে। এ ঘটনায় তখন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ছয় জেলায় পরিবহন ধর্মঘট করেছিল। এরপর ৯ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সভায় বিআরটিসি বাস চলাচলের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪টি রুটে ২৪টি বিআরটিসি বাস চালানোর কথা। কিন্তু বিআরটিসি বাস পরিচালনাকারীরা সিদ্ধান্ত না মেনে দক্ষিণাঞ্চলের এই আট জেলার উপর দিয়ে ২৮ টি বাস চালাচ্ছেন বলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অভিযোগ করছে। বেসরকারি বাস মালিকদের অপর দাবি দুটি হল- দূরপাল্লার (আন্ত:জেলা) বাস বিআরটিএ সদর কার্যালয় থেকে ইস্যুকৃত রুট পারমিটের শর্ত অনুযায়ী শুধু জেলা সদরের বাস টার্মিনালে থামানো ও যাত্রী ওঠানামা নিশ্চিত করা এবং শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ টেম্পো, নসিমন, করিমন ও অবৈধ যাত্রীবাহী মোটরসাইকেল চলাচল বন্ধ করা। বিআরটিসি খুলনা বিভাগীয় ডিপো ব্যবস্থাপক নীহার রঞ্জন মজুমদার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬১ সালের বিআরটিসি অধ্যাদেশ অনুযায়ী তারা বিআরটিসি বাস পরিচালনা করছেন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণাঞ্চলের ১৪টি রুটে তারা ২৪টি গাড়িই চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৫ ঘ.